Narendra Modi

ফ্রান্স সফরে গেলেন প্রধানমন্ত্রী, ম্যাক্রোঁর সঙ্গে কৌশলগত বৈঠক করবেন, জি৭ সম্মেলনে যোগ দেবেন নরেন্দ্র মোদী

এই সফরে মোদী ‘ভারত ইনোভেটস’ অনুষ্ঠানের উদ্বোধন করবেন। পাশাপাশি তিনি জি৭ শীর্ষ সম্মেলনেও অংশ নেবেন। সূত্রের খবর, সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার সম্ভাবনাও রয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
নিজস্ব সংবাদদাতা, ফ্রান্স
  • শেষ আপডেট: ১৪ জুন ২০২৬ ০৬:০০

শনিবার রাতে ফ্রান্সে সফরে পৌঁছোলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতীয় সময় সাড়ে ১১ টা নাগাদ নিস শহরে অবতরণ করে তাঁর বিমান। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান ফরাসি সরকারের উচ্চপদস্থ প্রতিনিধিরা। রবিবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসার কথা রয়েছে মোদীর। দুই দেশের মধ্যে কৌশলগত সম্পর্ক আরও মজবুত করার পাশাপাশি প্রযুক্তি, বাণিজ্য, প্রতিরক্ষা এবং বিনিয়োগ সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হতে পারে বলে কূটনৈতিক মহলের অনুমান। এই বৈঠকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ চুক্তিও স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

ফ্রান্স সফরে পৌঁছোতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ঘিরে উচ্ছ্বাসের আবহ তৈরি হয়। তাঁর অভ্যর্থনায় বিশেষ আয়োজন করেছিল সে দেশের প্রশাসন। নিস বিমানবন্দরে উপস্থিত ছিলেন বহু প্রবাসী ভারতীয়ও। প্রধানমন্ত্রীকে দেখতে পেয়েই তাঁরা ‘মোদী, মোদী’ স্লোগানে মুখর হয়ে ওঠেন। এই সফরে মোদী ‘ভারত ইনোভেটস’ অনুষ্ঠানের উদ্বোধন করবেন। পাশাপাশি তিনি জি৭ শীর্ষ সম্মেলনেও অংশ নেবেন। সূত্রের খবর, সম্মেলনের ফাঁকে আমেরিকর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার সম্ভাবনাও রয়েছে।

সোমবারও নিসেই থাকবেন প্রধানমন্ত্রী। সূত্রের খবর, ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁর সঙ্গে তাঁর দ্বিপাক্ষিক বৈঠকে প্রতিরক্ষা, বাণিজ্য, প্রযুক্তি-সহ দুই দেশের কৌশলগত ও অর্থনৈতিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। বৈঠকের পর যৌথভাবে ‘ভারত ইনোভেটস’ কর্মসূচির উদ্বোধন করবেন দুই রাষ্ট্রনেতা। ভারত ও ফ্রান্সের স্টার্ট-আপ সংস্থাগুলিকে নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে প্রযুক্তি খাতে বিনিয়োগ, উদ্ভাবন এবং ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা নিয়েও বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।

ফ্রান্স সফর শেষে নিস থেকে স্লোভাকিয়ার উদ্দেশ্যে রওনা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১৯৯৩ সালে স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশের পর এই প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী স্লোভাকিয়া সফরে যাচ্ছেন। ফলে কূটনৈতিক দৃষ্টিকোণ থেকে এই সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং ঐতিহাসিক বলে মনে করছেন বিশ্লেষকরা। স্লোভাকিয়া সফর শেষে মোদী যাবেন ফ্রান্সের এভিয়ানে, যেখানে আগামী ১৬ ও ১৭ জুন অনুষ্ঠিত হবে জি৭ শীর্ষ সম্মেলন। সেখানে অংশ নেবেন তিনি। ফ্রান্স সফরের আগে মোদী বলেন, ‘জি৭-এ ভারত শুধু নিজের কথা বলবে না। গ্লোবাল সাউথের আকাঙ্খার কন্ঠস্বরও হয়ে উঠবে।’

সফরের শেষ পর্বে ১৮ জুন প্যারিসে আয়োজিত ‘ভিভাটেক ২০২৬’-এ অংশ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইউরোপের অন্যতম বৃহত্তম প্রযুক্তি ও উদ্ভাবন সম্মেলন হিসেবে পরিচিত এই মঞ্চে ভারতের প্রযুক্তিগত সক্ষমতা এবং উদ্ভাবনী শক্তিকে বিশ্বদরবারে তুলে ধরাই তাঁর লক্ষ্য। পর্যবেক্ষকদের মতে, এই সফর ভারত, ফ্রান্স ও ইউরোপের বিভিন্ন প্রযুক্তি সংস্থার মধ্যে সহযোগিতা আরও জোরদার করবে এবং বিনিয়োগ ও প্রযুক্তি বিনিময়ের নতুন সুযোগ তৈরি করবে।


Share