Delhi Gymkhana

আগামী ৫ জুন দিল্লির জিমখানা ক্লাবে উচ্ছেদ নয়, পুরসভার ভাঙার নির্দেশে স্থগিতাদেশ দিল দিল্লি হাই কোর্টে

মঙ্গলবার বিচারপতি অবনীশ ঝিঙ্গানের বেঞ্চে মামলার শুনানিতে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, ৫ জুন কেন্দ্র জোর করে জমি দখল করবে না।

দিল্লি জিমখানা ক্লাব
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
  • শেষ আপডেট: ২৭ মে ২০২৬ ০২:৪২

দিল্লির জিমখানা ক্লাবকে আগামী ৫ জুন উচ্ছেদ করা হবে না। মঙ্গলবার দিল্লি হাই কোর্টে এমনটাই জানাল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের তরফে আদালতে জানানো হয়েছে, কোনও উচ্ছেদ প্রক্রিয়া শুরু করার আগে আইন মেনে যথাযথ নোটিস দেওয়া হবে। এরপরই আদালত জানায়, এই মুহূর্তে মামলায় কোনও অন্তর্বর্তী নির্দেশের প্রয়োজন নেই।

লুটিয়েন্স দিল্লির ২৭.৩ একর জমি আগামী ৫ জুনের মধ্যে খালি করার নির্দেশ দিয়ে গত ২২ মে দিল্লি জিমখানা ক্লাবকে নোটিস পাঠিয়েছিল কেন্দ্র। সেই নোটিসকে চ্যালেঞ্জ করেই ক্লাব কর্তৃপক্ষ হাই কোর্টের দ্বারস্থ হয়। মঙ্গলবার বিচারপতি অবনীশ ঝিঙ্গানের বেঞ্চে মামলার শুনানিতে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, ৫ জুন কেন্দ্র জোর করে জমি দখল করবে না।

আদালতে কেন্দ্রের পক্ষ থেকে আরও বলা হয়, ক্লাবকে জমিটি অনির্দিষ্ট কালের ইজারায় দেওয়া হয়েছিল। সেই ইজারা বাতিলের সিদ্ধান্তের কথাই ২২ মে-র নোটিসে জানানো হয়েছে। পাশাপাশি সলিসিটর জেনারেল আশ্বাস দেন, ভবিষ্যতে উচ্ছেদের কোনও পদক্ষেপ নেওয়া হলে তা সম্পূর্ণ আইনি প্রক্রিয়া মেনেই করা হবে এবং আগাম নোটিস দেওয়া হবে।

উল্লেখ্য, দিল্লির ২, সফদরজঙ রোডের জমিটি প্রথমে ইম্পেরিয়াল দিল্লি জিমখানা ক্লাব লিমিটেডকে ইজারায় দেওয়া হয়েছিল, যা বর্তমানে দিল্লি জিমখানা ক্লাব নামে পরিচিত। সামাজিক ও ক্রীড়া সংক্রান্ত কর্মকাণ্ডের জন্য জমিটি ব্যবহৃত হত। তবে জনস্বার্থ ও প্রতিরক্ষা সংক্রান্ত প্রকল্পের প্রয়োজনে জমিটি এখন সরকারের দরকার বলে নোটিসে উল্লেখ করা হয়েছে। কেন্দ্রের আশ্বাসের পর আদালত আপাতত কোনও অন্তর্বর্তী নির্দেশ জারি করেনি।


Share