NIA

সক্রিয় গ্যাংস্টার চক্র দমনে জোরদার হবে অভিযান! পাঁচটি রাজ্যের পুলিশের শীর্ষ কর্তাদের নিয়ে বৈঠক করল এনআইএ

সম্প্রতি আমেরিকার ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন বা এফবিআই লরেন্স বিষ্ণোই ও জগ্গু ভগবানপুরিয়া গ্যাংয়ের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে। আমেরিকার কর্তৃপক্ষের দাবি, কানাডায় খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জর হত্যাকাণ্ডে নির্দেশদাতা লরেন্স বিষ্ণোই। তাঁরা লরেন্স বিষ্ণোইকে ভারতে থেকে প্রত্যর্পণের উদ্যোগ নেবে।

গ‍্যাংস্টার লরেন্স বিষ্ণোই।
নিজস্ব সংবাদদাতা, পঞ্জাব
  • শেষ আপডেট: ১৫ জুলাই ২০২৬ ১১:৫৪

রাজ্যজুড়ে সক্রিয় সংগঠিত গ্যাংস্টার চক্র দমনে চলবে যৌথ অভিযান। সেই অভিযান যাতে সমন্বিত হয় তা নিশ্চিত করতে পাঁচটি রাজ‍্যের ডিজিপি-দের নিয়ে বৈঠক করল জাতীয় তদন্তকারী সংস্থা, এনআইএ। সূত্রের খবর, মঙ্গলবার পঞ্জাব, হরিয়ানা, হিমাচল প্রদেশ, রাজস্থান ও দিল্লির পুলিশের ডিজিপি-দের সঙ্গে এনআইএর শীর্ষ আধিকারিকেরা এই বৈঠক করেছেন। কীভাবে সেই অভিযান চালানো হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে সূত্রের খবর।

পঞ্জাব পুলিশ ও এনআইএ এই বৈঠকের আয়োজন করেছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, লরেন্স বিষ্ণোই ও জগ্গু ভগবানপুরিয়া গ্যাংয়ের বিভিন্ন অপরাধচক্র পঞ্জাবের বাইরে হরিয়ানা, রাজস্থান এবং দিল্লি-এনসিআর অঞ্চলেও নিজেদের নেটওয়ার্ক বিস্তার করেছে। বিভিন্ন রাজ্যে শ্যুটার, অস্ত্র ও লজিস্টিক সহায়তা ভাগাভাগি করে এই চক্রগুলি অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। রাজ্যের সীমানা ছাড়িয়ে বিস্তৃত গ্যাংস্টার নেটওয়ার্ক ভাঙতে সমন্বিত কৌশল, তথ্যের আদানপ্রদান এবং যৌথ অভিযান পরিচালনা করা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে সূত্র মারফত জানা গিয়েছে।

এ ছাড়াও, বৈঠকে মাদক পাচার, আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ এবং সংগঠিত অপরাধ মোকাবিলায় কেন্দ্র ও রাজ্য পুলিশের মধ্যে সমন্বয় আরও জোরদার করার বিষয়েও আলোচনা হয়েছে। যদিও পাঞ্জাবি চলচ্চিত্র ‘সতলুজ’-এর মুক্তিকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি এই বৈঠকের আনুষ্ঠানিক আলোচ্যসূচিতে ছিল না বলেই জানা গিয়েছে।

সম্প্রতি আমেরিকার ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন বা এফবিআই লরেন্স বিষ্ণোই ও জগ্গু ভগবানপুরিয়া গ্যাংয়ের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে। আমেরিকার কর্তৃপক্ষের দাবি, কানাডায় খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জর হত্যাকাণ্ডে নির্দেশদাতা লরেন্স বিষ্ণোই। আমেরিকায় সংঘটিত একাধিক অপরাধে তার নাম রয়েছে। তাঁরা লরেন্স বিষ্ণোইকে ভারতে থেকে প্রত্যর্পণের উদ্যোগ নেবে।

এ ছাড়াও, চার লক্ষ ডলারের চাঁদাবাজির মামলায় জড়িত থাকার অভিযোগে গুরিন্দরজিৎ সিং নাগরার প্রত্যর্পণও চাইবে আমেরিকা। অভিযোগ, তিনি বিষ্ণোই ও জগ্গু ভগবানপুরিয়া গ্যাংয়ের সঙ্গে মিলে আমেরিকায় বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূত পরিবারগুলিকে লক্ষ্য করে চাঁদাবাজির কর্মকাণ্ড চালাতেন। হরদীপ সিং নিজ্জর হত্যাকাণ্ডের নির্দেশ দেওয়ার অভিযোগে লরেন্স বিষ্ণোইয়ের ঘনিষ্ঠ সহযোগী গোল্ডি ব্রারের বিরুদ্ধেও মামলা করেছে আমেরিকা। এফবিআই গোল্ডি ব্রারের গ্রেফতারির তথ্য জন্য ৫০ হাজার ডলার পুরস্কারও ঘোষণা করেছে।

আমেরিকার বিচার বিভাগ জানিয়েছে, ‘অপারেশন হার্ডবল’-এর আওতায় যুক্তরাষ্ট্র, কানাডা ও ইউরোপের আইনপ্রয়োগকারী সংস্থাগুলির যৌথ অভিযানে ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে। যার মধ্যে ক্যালিফোর্নিয়াতেই ১১ জন ধরা পড়েছেন। এই অভিযানে মোট ৩৭ জনের বিরুদ্ধে চার্জশিট গঠন করা হয়েছে।

যদিও এক আধিকারিক জানিয়েছেন, এনআইএয়ের সঙ্গে বৈঠকের সূচি আগেই নির্ধারিত ছিল। এটি আমেরিকার এফবিআই চার্জশিটের সঙ্গে সরাসরি সম্পর্কিত নয়। তবে সময়ের দিক থেকে দুটি ঘটনা কাছাকাছি হওয়ায় বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে।


Share    

NIA