NEET Paper Leak Case

প্রশ্নফাঁস রুখতে কঠোর শাস্তির আইন আনতে চলেছে কেন্দ্র হবে, শুক্রবার খসড়া বিল নিয়ে বৈঠকে বসবে কেন্দ্রীয় মন্ত্রিসভা, বার্তা প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী মোদী জানান, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ইতিমধ্যেই ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযুক্তেরা গ্রেফতার হয়েছে। তারা জেলে রয়েছে। তবে শুধুমাত্র গ্রেফতার করেই সরকার সন্তুষ্ট নয়। বরং তাদের দ্রুত বিচার করাই লক্ষ্য। তাই ফাস্ট ট্র্যাক আদালত তৈরি করা হচ্ছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
  • শেষ আপডেট: ২৪ জুলাই ২০২৬ ০৯:৩৭

মেডিকেল প্রবেশিকা পরীক্ষায় (নিট) প্রশ্নফাঁস নিয়ে বিল আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। প্রশ্নফাঁস সংক্রান্ত মামলার দ্রুত শুনানির জন‍্য ফাস্ট ট্র্যাক আদালত গঠন করা হবে। বৃহস্পতিবার গভীর রাতে নিজের সমাজমাধ‍্যমে একটি ভিডিয়ো প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই ভিডিয়ো বার্তা তিনি জানান, বিলের খসড়া নিয়ে শুক্রবারই মন্ত্রিসভার বৈঠক ডাকা হয়েছে। চলতি বাদল অধিবেশনেই এই বিল পেশ করা হবে জানান প্রধানমন্ত্রী মোদী।

সামাজমাধ‍্যমে প্রায় তিন মিনিটের একটি ভিডিয়ো বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিয়েছেন। প্রধানমন্ত্রী বক্তব্য, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দেশের লক্ষ লক্ষ ছাত্রছাত্রী ক্ষতিগ্রস্ত হয়েছে। এর সঙ্গে তাঁদের পরিবারও গভীরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এটি কোনোও ছোট বিষয় নয়। এই ঘটনা লক্ষ লক্ষ ছাত্রছাত্রী ও তাঁদের অভিভাবকদের কষ্ট দিয়েছে। সরকারের প্রথম অগ্রাধিকার ছিল নিট পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনার পরে কোনও পড়ুয়ার একটি শিক্ষাবর্ষ যাতে নষ্ট না হয়। তিনি বলেন, “ছাত্রছাত্রীরা যেন একটি শিক্ষাবর্ষ হারিয়ে না ফেলে তা নিশ্চিত করাই আমাদের প্রথম দায়িত্ব ছিল। সেই কারণে যত দ্রুত সম্ভব পুনরায় পরীক্ষা নেওয়া অত্যন্ত জরুরি ছিল। সরকারের সম্পূর্ণ প্রশাসনিক ব্যবস্থা কাজে লাগিয়ে প্রায় ২২ লক্ষ পরীক্ষার্থীর পরীক্ষা অল্প সময়ের মধ্যেই সম্পন্ন করেছে। গত ১৯ জুলাই তার ফল প্রকাশ করা হয়েছে। দেশজুড়ে সফল পরীক্ষার্থীদের আনন্দ উদযাপনের খবর আসছে।”

প্রধানমন্ত্রী মোদী জানান, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ইতিমধ্যেই ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযুক্তেরা গ্রেফতার হয়েছে। তারা জেলে রয়েছে। তবে শুধুমাত্র গ্রেফতার করেই সরকার সন্তুষ্ট নয়। বরং তাদের দ্রুত বিচার করাই লক্ষ্য। তাই ফাস্ট ট্র্যাক আদালত তৈরি করা হচ্ছে। সেই কারণে তিনি কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট মন্ত্রকে নতুন আইনের খসড়া তৈরি করতে নির্দেশ দিয়েছেন বলে জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

প্রধানমন্ত্রী এ-ও জানান, সরকারি আধিকারিকেরা সারাদিন কাজ করে বৃহস্পতিবার রাতেই খসড়া আইন তাঁর হাতে তুলে দিয়েছেন। এই খসড়া আইনে ফাস্ট ট্র্যাক আদালতের মাধ্যমে দ্রুত বিচারের ব্যবস্থা থাকছে। প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের জন্য কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে এই আইনে। আজ, শুক্রবারই এই খসড়া বিল নিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভায় আলোচনা হবে। সহকর্মীদের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় সংশোধন করে বিলটির চূড়ান্ত রূপ দেওয়া হবে। চলতি বাদল অধিবেশনেই সংসদের উভয় কক্ষে এই বিলটি পেশ করা হবে। পেশ করার পরে সরকার তা দ্রুত পাশ করানোর চেষ্টা করবে বলেও জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রশ্নফাঁস কান্ড নিয়ে দিল্লিতে দফায় দফায় রণক্ষেত্রের চেহারা নিয়েছে। পুলিশের গাড়িতে ভাঙচুর থেকে শুরু করে পুলিশকর্মীদের ওপরে হামলা হয়েছে। ঘটনায় অন্তত সাতজন পুলিশকর্মী জখম হয়েছেন। ইতিমধ্যেই কেন্দ্রীয় মন্ত্রী জগৎপ্রকাশ নাড্ডার হাতে সুপ খেয়ে অনশন তুলে নিয়েছেন সোনম ওয়াংচুক। সরকার পক্ষ থেকে সব রকমের আশ্বাস দিলেও ককরোচ জনতা পার্টি ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে অনড় রয়েছে। সোমবার দিল্লিতে ‘সংসদ চলো’ অভিযান নিয়ে অশান্তির ঘটনা নিয়ে এনআইএ তদন্ত চেয়ে হাই কোর্টে মামলা দায়ের হয়েছে। শুক্রবার সেই মামলার শুনানি রয়েছে।


Share