PM Narendra Modi

কলোসিয়ামে মোদী-মেলোনির ফ্রেমবন্দি মুহূর্ত, ভারত-ইতালি বন্ধুত্বে নতুন দিগন্তের ইঙ্গিত

রোমে পৌঁছেই প্রধানমন্ত্রী যান ঐতিহাসিক কলোসিয়ামে। সেখানে তাঁর সঙ্গে ছবি তোলেন জর্জিয়া মেলোনি।

কলোসিয়ামে মোদী-মেলোনির ফ্রেমবন্দি মুহূর্ত
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
  • শেষ আপডেট: ২০ মে ২০২৬ ০৩:৫১

দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করতে ইতালি সফরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রোমে পৌঁছতেই তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। সমাজমাধ্যমে মোদীকে ‘বন্ধু’ বলে উল্লেখ করে রোমে স্বাগত জানান মেলোনি।

পাঁচ দেশের বিদেশ সফরের অংশ হিসেবেই প্রধানমন্ত্রী ইতালিতে পৌঁছেছেন। এর আগে তিনি সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ডস, সুইডেন ও নরওয়ে সফর করেন। মঙ্গলবার রোমে পৌঁছোলে বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান ইতালির উপ-প্রধানমন্ত্রী আন্তোনিও তাজানি। সেখানে প্রবাসী ভারতীয়দের সঙ্গেও কথা বলেন মোদী। তাঁর সম্মানে হোটেলে আয়োজন করা হয় ভারতীয় শাস্ত্রীয় ও সাংস্কৃতিক নৃত্যানুষ্ঠানের।

সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী জানান, ইতালির প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেল্লা এবং প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বৈঠকে ভারত-ইতালি সম্পর্ক আরও গভীর করার বিষয়টি গুরুত্ব পাবে। বিশেষ করে ভারত-পশ্চিম এশিয়া-ইউরোপ অর্থনৈতিক করিডোর, যৌথ কৌশলগত কর্মপরিকল্পনা ২০২৫-২০২৯ এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হবে। পাশাপাশি খাদ্য ও কৃষি সংস্থার সদর দফতরও পরিদর্শন করবেন তিনি। বিশ্ব খাদ্য সুরক্ষা নিয়ে ভারতের অঙ্গীকার আরও জোরদার করার বার্তাও দিয়েছেন প্রধানমন্ত্রী।

রোমে পৌঁছেই প্রধানমন্ত্রী যান ঐতিহাসিক কলোসিয়ামে। সেখানে তাঁর সঙ্গে ছবি তোলেন জর্জিয়া মেলোনি। পরে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মেলোনি লেখেন, ‘রোমে স্বাগতম আমার বন্ধু’। কূটনৈতিক মহলে এই বার্তাকে ভারত-ইতালি বন্ধুত্বের প্রতীক হিসেবেই দেখা হচ্ছে।

প্রধানমন্ত্রী জানিয়েছেন, এই সফরের অন্যতম প্রধান লক্ষ্য দুই দেশের অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরও শক্তিশালী করা। সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী, বাণিজ্য, প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ, প্রতিরক্ষা ও নিরাপত্তা, পরিবেশবান্ধব জ্বালানি, বিজ্ঞান ও প্রযুক্তি এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির মতো বিষয়গুলি বৈঠকে গুরুত্ব পাবে। গত বছর ভারত ও ইতালির মধ্যে প্রায় ১৬.৭৭ বিলিয়ন ডলারের বাণিজ্য হয়েছে বলেও জানা গিয়েছে।


Share