Narendra Modi

ইনস্টাগ্রামে তরুণদের মন জয়ের টোটকা দিলেন মোদী! মন্ত্রীদের রিল বানানোর পরামর্শ, প্রশ্নফাঁস রুখতে আসছে ১০ বছরের জেলের কড়া আইন

প্রধানমন্ত্রীর মতে, সমাজমাধ্যম বিশেষ করে ইনস্টাগ্রাম তরুণ প্রজন্মের কাছে পৌঁছোনোর অন্যতম কার্যকর মাধ্যম, তাই এই প্ল্যাটফর্মকে আরও বেশি করে কাজে লাগানো প্রয়োজন।

মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
  • শেষ আপডেট: ২৫ জুলাই ২০২৬ ০৭:১৩

দেশের যুবসমাজের সঙ্গে আরও নিবিড় যোগাযোগ গড়ে তুলতে ইনস্টাগ্রামে সক্রিয়তা বাড়ানোর উপর জোর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর, সম্প্রতি মন্ত্রিসভার সদস্যদের তিনি পরামর্শ দিয়েছেন, নিয়মিত এবং আকর্ষণীয় রিল-সহ বিভিন্ন ধরনের কনটেন্ট পোস্ট করতে। প্রধানমন্ত্রীর মতে, সমাজমাধ্যম বিশেষ করে ইনস্টাগ্রাম তরুণ প্রজন্মের কাছে পৌঁছোনোর অন্যতম কার্যকর মাধ্যম, তাই এই প্ল্যাটফর্মকে আরও বেশি করে কাজে লাগানো প্রয়োজন।

নিট কেলেঙ্কারিকে ঘিরে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র আন্দোলন আর শুধু দিল্লিতে সীমাবদ্ধ নেই। বিক্ষোভের আঁচ ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন প্রান্তে। আন্দোলনে নানা বয়সের মানুষের অংশগ্রহণ থাকলেও সবচেয়ে বেশি সক্রিয় তরুণ প্রজন্ম। এই পরিস্থিতির মধ্যেই শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে মন্ত্রীদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সূত্রের দাবি, বৈঠকে প্রধানমন্ত্রী প্রথমেই জানতে চান, উপস্থিত মন্ত্রীদের মধ্যে কত জন নিয়মিত ইনস্টাগ্রামের মতো সামাজিক মাধ্যম ব্যবহার করেন। এরপর তিনি বলেন, দেশের বিপুল সংখ্যক তরুণ এখন ইনস্টাগ্রামসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে সক্রিয়। তাই সরকারের নীতি, কর্মসূচি ও বার্তা তরুণদের কাছে কার্যকরভাবে পৌঁছে দিতে এই ধরনের সামাজিক মাধ্যমকে আরও বেশি গুরুত্ব দিয়ে ব্যবহার করা প্রয়োজন বলেও তিনি মন্ত্রীদের পরামর্শ দেন।

সরকারি সূত্রের দাবি, কেন্দ্রীয় সরকারের প্রকল্প ও উদ্যোগের প্রচারেই সীমাবদ্ধ না থেকে তরুণ প্রজন্মের সঙ্গে আরও কার্যকর যোগাযোগ গড়ে তোলার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। সেই লক্ষ্যেই মন্ত্রিসভার সদস্যদের ইনস্টাগ্রামের মতো জনপ্রিয় সমাজমাধ্যমকে আরও বেশি করে কাজে লাগানোর নির্দেশ দিয়েছেন তিনি। বিশেষ করে বেশি সংখ্যায় রিল পোস্ট করার উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। তাঁর মতে, তরুণদের আগ্রহের সঙ্গে সামঞ্জস্য রেখে আকর্ষণীয় ও প্রাসঙ্গিক বিষয়বস্তু তৈরি করলে তাদের সঙ্গে সংযোগ আরও দৃঢ় হবে।

প্রশ্নফাঁসে তাঁর সরকার যে কড়া অবস্থান নিতে চলেছে, তা বৃহস্পতিবার মধ্যরাতেই স্পষ্ট করেছিলেন মোদী। ভিডিয়ো বার্তায় তিনি বলেন, ‘‘প্রশ্নফাঁস কোনও সাধারণ বিষয় নয়। লক্ষ লক্ষ পরীক্ষার্থী এবং তাঁদের অভিভাবকদের জন্য যন্ত্রণাদায়ক।’’ তিনি জানান, এই কেলেঙ্কারির বিরুদ্ধে আড়াই মাসে সরকারের তরফে অনেক পদক্ষেপ করা হয়েছে। দোষীদের গ্রেফতার করে সংশোধনাগারে পাঠানো হয়েছে।

সেই বার্তার ২৪ ঘণ্টা পেরোতে না পেরোতেই মন্ত্রিসভার বৈঠকে প্রশ্নফাঁস রুখতে একটি খসড়া বিলের অনুমোদন দেওয়া হয়েছে। সূত্রের দাবি, বিলটি আইনে পরিণত হলে প্রশ্নফাঁসের ঘটনায় দোষী সাব্যস্ত ব্যক্তিদের সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত কারাদণ্ড এবং সর্বোচ্চ ১০ কোটি টাকা পর্যন্ত জরিমানার বিধান থাকতে পারে।


Share