Spice Jet

টেক অফের পরই ইঞ্জিনে আগুনের ফুলকি! দিল্লিতে জরুরি অবতরণ লেহগামী স্পাইসজেটের

যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে বিমানটিকে ঘুরিয়ে জরুরি ভিত্তিতে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের নির্দেশ দেওয়া হয়। মাঝ আকাশ থেকেই ফিরে এসে সুরক্ষিতভাবে অবতরণ করে ফ্লাইটটি। বিমানে থাকা প্রায় ১৫০ জন যাত্রীকে নিরাপদে নামিয়ে আনা হয়েছে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
  • শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ০৩:৪৯

টেক অফের পরেই যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় মঙ্গলবার সকালে দিল্লিতে ফিরিয়ে আনা হল লেহগামী স্পাইসজেটের একটি ফ্লাইট। বেসরকারি সূত্রে জানা গিয়েছে, বোয়িং ৭৩৭ বিমানে ওড়ার কিছুক্ষণের মধ্যেই আগুনের ফুলকি দেখা যায়। প্রাথমিক অনুমান, বিমানের দ্বিতীয় ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটির জেরেই এই পরিস্থিতির সৃষ্টি হয়। ইঞ্জিন থেকে আগুনের ফুলকি ও ধোঁয়া বেরোতে দেখে পাইলট ঝুঁকি না নিয়ে সঙ্গে সঙ্গে দিল্লির এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করেন।

যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে বিমানটিকে ঘুরিয়ে জরুরি ভিত্তিতে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের নির্দেশ দেওয়া হয়। মাঝ আকাশ থেকেই ফিরে এসে সুরক্ষিতভাবে অবতরণ করে ফ্লাইটটি। বিমানে থাকা প্রায় ১৫০ জন যাত্রীকে নিরাপদে নামিয়ে আনা হয়েছে। যদিও সরকারি ভাবে আগুনের ফুলকি বা ধোঁয়া দেখা যাওয়ার বিষয়টি এখনও নিশ্চিত করা হয়নি।

সূত্রের খবর, মঙ্গলবার সকাল ছ'টা আট মিনিটে বিমানটি উড্ডয়ন করে। সকাল ছ'টা ৪৯ মিনিটে তা জরুরি ভিত্তিতে দিল্লি বিমানবন্দরে অবতরণ করে। স্পাইসজেটের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ককপিটে কোনও ফায়ার ওয়ার্নিং ছিল না। যান্ত্রিক সমস্যার কারণেই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ফ্লাইটটি ফিরিয়ে আনা হয়।

এর আগেই সোমবার সন্ধ্যায় রাঁচি বিমানবন্দর থেকে ওড়ার কিছুক্ষণের মধ্যেই ঝাড়খণ্ডের চাতরায় খারাপ আবহাওয়ার জেরে একটি এয়ার অ্যাম্বুল্যান্স ভেঙে পড়ে। অগ্নিদগ্ধ এক রোগীকে উন্নত চিকিৎসার জন্য দিল্লিতে নিয়ে যাওয়া হচ্ছিল। সেই দুর্ঘটনায় রোগী-সহ সাত জনের মৃত্যু হয়। তার রেশ কাটতে না কাটতেই ফের যাত্রীবাহী বিমানে যান্ত্রিক ত্রুটির ঘটনা সামনে এল।


Share