Delhi Fire Incident

অবৈধ বাংলাদেশিদের আশ্রয়, আন্তর্জাতিক মানব চক্রের সঙ্গে জড়িত হোটেল মালিক, দিল্লির অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্যকর দাবি পুলিশের

বুধবার সকালে দিল্লির মালবীয় নগরের হাউস রানি এলাকায় ফ্লোরিজ স্টেজেস হোটেলে ভয়াবহ আগুন লাগে। তিন ঘণ্টারও বেশি সময়ের চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। সেই ঘটনায় ২১ জনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে ১২ জন বিদেশি ছিল।

লভকেশ বজাজ।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৬ জুন ২০২৬ ১০:৫৫

আন্তর্জাতিক মানব পাচার চক্রের সঙ্গে জড়িত ছিল হোটেল মালিক। অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের থাকার ব‍্যবস্থা করে দিতেন। দিল্লির মালবীয় নগরে অগ্নিকাণ্ডের ঘটনায় এ বার সংশ্লিষ্ট হোটেলের মালিক লভকেশ বজাজের বিরুদ্ধে এমনটাই দাবি করেছে দিল্লি পুলিশ।

শনিবার এ বিষয়ে সুনির্দিষ্ট ভাবে দুই বাংলাদেশি নাগরিকের কথা দিল্লি পুলিশ জানিয়েছে। অভিযোগ, লভকেশ এই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিজের হোটেলে আশ্রয় দিয়েছিলেন। তাঁর বাড়ির ঠিকানা ব্যবহার করে ভারতীয় পরিচয়পত্র বানানোর সুযোগ করে দিয়েছিলেন। তার বিনিময়ে লভকেশ বাংলাদেশিদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়েছিলেন। জাল ভারতীয় পরিচয়পত্র (আধার ও পাসপোর্ট) পেতে সহায়তা করেছেন।

প্রসঙ্গত, বুধবার সকালে দিল্লির মালবীয় নগরের হাউস রানি এলাকায় ফ্লোরিজ স্টেজেস হোটেলে ভয়াবহ আগুন লাগে। তিন ঘণ্টারও বেশি সময়ের চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। সেই ঘটনায় ২১ জনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে ১২ জন বিদেশি ছিল। এর পরে ওই হোটেলের মালিক লভকেশকে আটক করে পুলিশ তদন্ত শুরু করে।

সূত্রের খবর, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফ্লোরিজ স্টেজেসে যাতায়াতের কথা সেই তদন্তেই উঠে আসে। পুলিশ সূত্রের খবর, অগ্নিকাণ্ডে মৃতদের মধ্যে পাঁচ জন বাংলাদেশি রয়েছে। ২০২৫ সালে প্রথম বার লভকেশের বিরুদ্ধে টাকার বিনিময়ে বাংলাদেশি নাগরিকদের ভারতীয় পরিচয়পত্র তৈরিতে সহযোগিতা করার অভিযোগ উঠেছিল। সে সময় তাঁকে গ্রেফতারও করেছিল দিল্লি পুলিশ।

কয়েক দিন আগে সমাজমাধ্যমে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছিলেন, এই উচ্চপর্যায় কমিটিতে রয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি প্রকাশ প্রভাবকর নাওলেকর, অবসরপ্রাপ্ত আইএস অফিসার দুর্গাশঙ্কর মিশ্র, অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার বালাজি শ্রীবাস্তব, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা কাউন্সিলের সদস্যা শমিকা রবি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের (বিদেশি) বিভাগের যুগ্মসচিব। এর মধ্যে অবসরপ্রাপ্ত আইএএস অফিসার দুর্গাশঙ্কর মিশ্র জনগণনার দায়িত্বে কমিশনার পদে রয়েছেন।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কথায় বেআইনি অনুপ্রবেশ এবং অন্যান্য ‘অস্বাভাবিক’ জনবিন্যাস বদলে যাচ্ছে। ক্রমাগত জনবিন্যাস বদলের ফলে দেশের সার্বভৌমত্ব এবং জাতীয় নিরাপত্তা অন‍্য দিকে সামাজিক ভারসাম্য এবং জনজাতি সমাজের সুরক্ষার জন্যেও বিপজ্জনক হয়ে উঠছে। যা যে কোনও দেশের বর্তমান এবং ভবিষ্যতের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এই ঝুঁকির মোকাবিলা করতে ২০২৫ সালের ১৫ অগাস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনবিন্যাস নিয়ে উচ্চপর্যায়ের কমিটি গড়ার ঘোষণা করেছিলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ওই কমিটি গড়ে সরকার ফেলেছে। এই কমিটি তার কারণই খতিয়ে দেখবে।


Share