Coal Scame

কয়লাচুরি মামলায় জামিন পেলেন বিনেশ চান্দেল, আদালতে আবেদনের বিরোধিতা করল না ইডি

আইপ্যাকের অন্যতম প্রতিষ্ঠাতা এবং ডিরেক্টর বিনেশকে জিজ্ঞাসাবাদের পরে গত ১৩ এপ্রিল গ্রেফতার করেছিল ইডি। তখনও রাজ্যে ভোটগ্রহণ শুরু হয়নি। বুধবারই দ্বিতীয় দফার ভোট শেষ হয়েছে। বৃহস্পতিবার তিনি জামিন পেয়েছেন।

আইপ‍্যাকের সহ-প্রতিষ্ঠাতা ও ডিরেক্টর বিনেশ চান্দেল।
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
  • শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০২৬ ১২:০৪

কয়লাচুরি মামলায় ধৃত আইপ‍্যাকের সহ-প্রতিষ্ঠাতা বিনেশ চান্দেলের জামিন দিল আদালত। বৃহস্পতিবার দিল্লির পাটিয়ালা হাউস আদালত বিনেশের জামিন মঞ্জুর করেছে। জানা গিয়েছে, বিনেশ চান্দেলের জামিনের আবেদনের বিরোধিতা করেনি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

গত ১৩ এপ্রিল বিনেশ চান্দেলকে গ্রেফতার করে ইডি। দিল্লিতে নিজের বাড়িতে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পরে বিনেশকে গ্রেফতার করা হয়। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে তাঁকে গ্রেফতার করা হয়। বুধবার বিধানসভা নির্বাচন শেষ হয়েছে। পরের দিনই, বৃহস্পতিবার সকালে বিনেশকে জামিন দিল দিল্লির পাটিয়ালা হাউজ আদালত। 

গ্রেফতারির পরে গত ১৪ এপ্রিল দিল্লির আদালত বিনেশের ১০ দিনের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছিল। ওই মেয়াদ শেষ হতেই গত ২৩ এপ্রিল জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। এরই মধ্যে গত মঙ্গলবার বিনেশ অন্তর্বর্তী জামিন চেয়ে আদালতে আবেদন করেন। সেই আবেদনটিও খারিজ হয়ে গিয়েছিল।

এরই মধ্যে বৃহস্পতিবার জানা গিয়েছে, আইপ‍্যাকের সহ-প্রতিষ্ঠাতা এবং ডিরেক্টর বিনেশ চান্দেলের জামিন মঞ্জুর করেছে পাটিয়ালা হাউস আদালত। জানা গিয়েছে, জামিনের আবেদন শুনানির সময় ইডি কোনও বিরোধিতা করেনি। তবে পাটিয়ালা হাউস কোর্টের বিচারক অমিত বনসল জামিনের মামলা শুনানির সময় ইডিকে জামিনের আবেদনের বিরোধিতা করার সুযোগ দিয়েছিল। কিন্তু ইডি তা করেনি। এই মূহূর্তে তিনি জেলেই আছেন। বৃহস্পতিবারই তাঁর জেলমুক্তি হতে পারে বলেও জানা গিয়েছে। 

কয়লাচুরি কান্ডে কোটি কোটি টাকা হাওয়ালার মাধ্যমে সাদা করার অভিযোগে তৃণমূলের ভোটকুশলী সংস্থার ডিরেক্টর বিনেশ চান্দেলকে গ্রেফতার করেছে ইডি। তাঁর এবং সংস্থার বিরুদ্ধে অভিযোগ, কয়লাচুরির কোটি কোটি টাকা হাওলার মাধ্যমে সাদা করা হয়েছে। সেই টাকা রাজনৈতিক দলের নির্বাচনে কাজে লাগানো হয়েছে। পৌঁছে গিয়েছে প্রভাবশালীদের কাছেও। এমনকী, টাকা বিদেশে পাচার করা হয়েছে বলেও ইউডির সূত্র দাবি করেছে। এই মামলাতে প্রতীক জৈনের স্ত্রী বারবি জৈন এবং ভাই পুলকিত জৈনকে ইডি দিল্লিতে তলব করেছিল। কিন্তু সেই সময় তাঁরা জাননি।


Share