Narendra Modi

জি-৭ সম্মেলনে ভারতের শক্তিশালী উপস্থিতি, বিশ্বনেতাদের সঙ্গে ধারাবাহিক বৈঠকে মোদী, কৌশলগত চুক্তির জল্পনায় তুঙ্গে

ফলে ভারত-আমেরিকাএ সম্পর্কের নানা গুরুত্বপূর্ণ ইস্যু বাণিজ্য, শুল্ক, আঞ্চলিক নিরাপত্তা এবং সাম্প্রতিক ভূ-রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
নিজস্ব সংবাদদাতা, ফ্রান্স
  • শেষ আপডেট: ১৭ জুন ২০২৬ ০৯:০৪

নরেন্দ্র মোদীর ফ্রান্স সফরকে ঘিরে আন্তর্জাতিক কূটনীতিতে নতুন মাত্রা যোগ হতে চলেছে। জি-৭ শীর্ষ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার ফ্রান্সের এভিয়ান-লে-বেঁ-তে পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী। ‘নতুন অংশীদারিত্ব গঠন ও আন্তর্জাতিক সংহতি পুনর্গঠন’ শীর্ষক গুরুত্বপূর্ণ অধিবেশনে অংশ নেওয়ার পাশাপাশি একাধিক বিশ্বনেতার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি।

এই সফরে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের সঙ্গে মোদীর বৈঠক বিশেষ গুরুত্ব পাচ্ছে। গত বছরের ফেব্রুয়ারির পর এই প্রথম মুখোমুখি হতে চলেছেন মোদী ও ট্রাম্প। ফলে ভারত-আমেরিকাএ সম্পর্কের নানা গুরুত্বপূর্ণ ইস্যু বাণিজ্য, শুল্ক, আঞ্চলিক নিরাপত্তা এবং সাম্প্রতিক ভূ-রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। ফেব্রুয়ারিতে স্বাক্ষরিত অন্তর্বর্তীকালীন বাণিজ্য চুক্তির অগ্রগতি নিয়েও দুই দেশের মধ্যে বিস্তারিত কথাবার্তা হতে পারে।

এ বারের সম্মেলন ভারতের জন্য ১৩তম জি-৭ অংশগ্রহণ এবং প্রধানমন্ত্রী মোদীর সপ্তম উপস্থিতি। স্লোভাকিয়া সফর শেষে তিনি ফ্রান্সে পৌঁছেছেন। জি-৭ সম্মেলনের পাশাপাশি ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর আমন্ত্রণে গালা ডিনারেও যোগ দেবেন প্রধানমন্ত্রী।

সম্মেলনে জাপান, ইতালি, জার্মানি, কানাডা ও যুক্তরাজ্য-সহ বিশ্বের প্রভাবশালী দেশগুলির রাষ্ট্রপ্রধানরা উপস্থিত রয়েছেন। অন্য দিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনার আগ্রহ প্রকাশ করলেও, পুতিন এই সম্মেলনে যোগ দিচ্ছেন না।

জি-৭ পর্ব শেষ করে প্রধানমন্ত্রী প্যারিসে যাবেন। সেখানে তিনি প্রযুক্তি ও উদ্ভাবনভিত্তিক আন্তর্জাতিক মঞ্চ ‘ভিভাটেক সামিট’-এ অংশ নেবেন এবং প্রবাসী ভারতীয়দের এক অনুষ্ঠানে ভাষণ দেবেন। এ ছাড়াও সংযুক্ত আরব আমিরশাহির প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে তাঁর বৈঠকের সূচিও রয়েছে।

বিশ্ব রাজনীতির টানাপোড়েনের আবহে মোদীর এই সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। বিশেষ করে মোদী-ট্রাম্প বৈঠক ঘিরে কূটনৈতিক মহলে বাড়ছে জল্পনা। দুই দেশের সম্পর্ক আরও মজবুত করতে নতুন কোনও কৌশলগত বা অর্থনৈতিক সমঝোতা সামনে আসে কি না, সেদিকেই নজর আন্তর্জাতিক মহলের।


Share