Middle East Conflict

‘পণ‍্যবাহী জাহাজকে লক্ষ‍্যবস্তু করা বন্ধ করতে হবে,’ লোহিত সাগরের ভারতীয় জাহাজ ডুবে যাওয়ার পরে বিবৃতি দিল দিল্লি

পশ্চিম এশিয়ার এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথে বারবার এমন হামলার ঘটনা আন্তর্জাতিক বাণিজ্য ও সামুদ্রিক নিরাপত্তার জন্য বড় উদ্বেগের বিষয়। এ ধরনের হামলা অবিলম্বে বন্ধ হওয়া উচিত বলেই ভারত মনে করে।

বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
  • শেষ আপডেট: ০৫ আগস্ট ২০২৬ ১১:১০

লোহিত সাগরের ভারতীয় পণ‍্যবাহী জাহাজ ডুবে যাওয়ার পরে বিবৃতি দিল বিদেশ মন্ত্রক। ঘটনার নিন্দা জানিয়েছে ভারত। বিদেশ মন্ত্রক মনে করে, ইয়েমেন উপকূলে ভারতীয় পণ‍্যবাহী জাহাজে হামলার ঘটনা উদ্বেগজনক। পশ্চিম এশিয়ায় আমেরিকা এবং ইরানের সংঘাতে মধ‍্যে ভারতীয় পণ‍্যবাহী জাহাজ আক্রান্ত হয়েছে। আবার অন‍্য দেশের জাহাজে থাকা ভারতীয় নাবিকেরা আক্রান্ত হয়েছেন। মৃত্যুও হয়েছে। এমনটা চলতে পারে না বলেই বিদেশ মন্ত্রক মনে করছে।

বিদেশ মন্ত্রক বিবৃতি দিয়ে বলেছে, ওই অঞ্চলে পণ‍্যবাহী জাহাজগুলিকে লক্ষ‍্যবস্তু করা বন্ধ করতে হবে। ওই অঞ্চলে আন্তর্জাতিক আইন মেনে যাতে যাতে জাহাজ চলাচল সচল থাকে তা নিশ্চিত করতে হবে। বিদেশ মন্ত্রক মনে করছে, বাণিজ্য সচল থাকা জরুরি। এর মধ্যে বৈশ্বিক বাণিজ্যের স্বার্থ জড়িত রয়েছে। তা সুরক্ষিত রাখা জরুরি।

লোহিত সাগর দিয়ে যাওয়ার সময় এমএসভি ফৈজে নুরে ওলিয়া নামে একটি ভারতীয় পণ্যবাহী জাহাজ ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়। হামলার জেরে জাহাজটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে ডুবতে শুরু করে। জাহাজটিতে মোট ১৪ জন নাবিক ছিলেন, যার মধ্যে ১৩ জনই ভারতীয়। হামলার পর জাহাজ থেকে নাবিকরা সমুদ্রে পড়ে যান। ঘটনাটি নজরে আসতেই ইয়েমেনের উপকূলরক্ষী বাহিনী দ্রুত উদ্ধার অভিযানে নামে। শেষ পর্যন্ত সকল নাবিককেই নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে।

আমেরিকা-ইরানের সংঘাত তীব্র হওয়ার পর থেকেই পশ্চিম এশিয়ার আন্তর্জাতিক জলপথে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। বিশেষ করে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীকে ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। শুরু থেকেই ইরানের দাবি, হরমুজ প্রণালীর উপর তাদের নিয়ন্ত্রণ রয়েছে। তাই ওই পথ দিয়ে যাতায়াতকারী জাহাজগুলিকে তাদের অনুমতি নিতে হবে এবং টোল ফি দিতে হবে। সর্বশেষ পরিস্থিতিতেও তেহরান একই অবস্থানে অনড়। ইরানের দাবি, তাদের অনুমতি ছাড়া কোনও জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করতে পারবে না। পাশাপাশি, হরমুজে নিয়ন্ত্রণের বিষয়টি নিয়ে ওমানের সঙ্গেও আলোচনা চলছে বলে জানিয়েছে তারা। শুধু হরমুজ নয়, সাম্প্রতিক সময়ে লোহিত সাগর ও কৃষ্ণসাগরেও একের পর এক পণ্যবাহী জাহাজ হামলার মুখে পড়ছে, যা আন্তর্জাতিক বাণিজ্য ও সামুদ্রিক নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ বাড়িয়েছে।

লোহিত সাগর ও সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরেই অস্থিরতা চলছে। ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি একাধিকবার ওই অঞ্চলে বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। সৌদি আরবের সঙ্গে দীর্ঘস্থায়ী সংঘাতের জেরে হুথিরা প্রায়ই লোহিত সাগরের দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়, যার পাল্টা সামরিক জবাব দেয় সৌদি আরব। তবে মঙ্গলবার ভারতীয় জাহাজে হামলার ঘটনায় ঠিক কারা জড়িত, তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। তদন্তের পরই এ বিষয়ে স্পষ্ট ছবি সামনে আসবে।


Share