Road Accident

পটনায় বালি বোঝাই লরির সঙ্গে মুখোমুখি ধাক্কা, চালক পলাতক, বিক্ষোভ স্থানীয়দের

পুলিশ জানিয়েছে, যাত্রীবোঝাই অটোরিকশাটি মানের দরগা এলাকা থেকে মেলা দেখে ফিরছিল। সেই সময় বিপরীত দিক থেকে আসা একটি বালি বোঝাই ট্রাকের সঙ্গে সরাসরি ধাক্কা লাগে। সংঘর্ষের জেরে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, পটনা
  • শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:১৮

রবিবার ভোরে বিহারের পটনায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ছ'জনের মৃত্যু হয়েছে। অটোরিকশা ও বালি বোঝাই লরির মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হয়েছেন আরও দু'জন, তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বিহতা থানার কোইলওয়ার ব্রিজের কাছে।

পুলিশ জানিয়েছে, যাত্রীবোঝাই অটোরিকশাটি মানের দরগা এলাকা থেকে মেলা দেখে ফিরছিল। সেই সময় বিপরীত দিক থেকে আসা একটি বালি বোঝাই ট্রাকের সঙ্গে সরাসরি ধাক্কা লাগে। সংঘর্ষের জেরে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনায় মৃতদের মধ্যে রয়েছেন গুড্ডু (৩০), ইমতিয়াজ (৩০), আসাদ খান (২৫) ও শেহজাদ (২২)। এছাড়া শাফান নামে তিন বছরের একটি শিশু এবং আলফি নামে দেড় বছরের আর এক শিশুরও মৃত্যু হয়েছে। মৃত সকলেই ভোজপুর জেলার আরা এলাকার বাসিন্দা।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ উদ্ধারকাজ শুরু করে। দুর্ঘটনাস্থলেই পাঁচ জনের মৃত্যু হয়। আহতদের হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় আরও এক জনের মৃত্যু হয়। মৃতদেহগুলি ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

পুলিশ লরিটিকে আটক করেছে, তবে চালক দুর্ঘটনার পর পালিয়ে যায়। তাঁর খোঁজে তল্লাশি চলছে। কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায়। লরি চালককে গ্রেফতারের দাবিতে স্থানীয়রা বিক্ষোভও দেখান।


Share