Mass Food Poising Shock

রাতের খাবারের পরই অসুস্থতা, বিহারের বাঁকায় একসঙ্গে শতাধিক পুলিশকর্মী হাসপাতালে

সূত্রের খবর, রাতের খাবার খাওয়ার কিছু পর থেকেই কয়েকজন পুলিশকর্মী শারীরিক অস্বস্তি অনুভব করতে শুরু করেন। সময়ের সঙ্গে তাঁদের মধ্যে পেটব্যথা, বমি-সহ নানা উপসর্গ দেখা দেয়। পরিস্থিতি গুরুতর হওয়ায় রাতেই তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, বাঁকা
  • শেষ আপডেট: ১৪ মার্চ ২০২৬ ১১:৩৯

বিহারের বাঁকা জেলার পুলিশ লাইনের মেসে খাবার খেয়ে শুক্রবার রাতে অন্তত ১০০ জন পুলিশকর্মী অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থ সকল পুলিশকর্মীকে বাঁকা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, খাবারে বিষক্রিয়ার কারণেই এই অসুস্থতা।

সূত্রের খবর, রাতের খাবার খাওয়ার কিছু পর থেকেই কয়েকজন পুলিশকর্মী শারীরিক অস্বস্তি অনুভব করতে শুরু করেন। সময়ের সঙ্গে তাঁদের মধ্যে পেটব্যথা, বমি-সহ নানা উপসর্গ দেখা দেয়। পরিস্থিতি গুরুতর হওয়ায় রাতেই তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অসুস্থদের অধিকাংশই জেলার বিভিন্ন থানায় কর্মরত ছিলেন এবং ডিউটি শেষে মেসে রাতের খাবার খেয়েছিলেন।

ঘটনার খবর পেয়ে হাসপাতালে পৌঁছোন জেলাশাসক নভদীপ শুক্লা। তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলে দ্রুত ও সঠিক চিকিৎসার নির্দেশ দেন। পরে বিবেক কুমার-ও হাসপাতালে গিয়ে অসুস্থ পুলিশকর্মীদের খোঁজখবর নেন এবং তাঁদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, অন্তত ১০০ জন পুলিশকর্মী এই ঘটনায় আক্রান্ত হয়েছেন।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বর্তমানে সকলের শারীরিক অবস্থা স্থিতিশীল। শনিবারের মধ্যেই অনেককে ছুটি দেওয়া হতে পারে। ঘটনার কারণ জানতে খাবারের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তদন্ত চলাকালীন পুলিশ লাইনের মেসের বদলে অন্য উৎস থেকে খাবারের ব্যবস্থা করা হচ্ছে।


Share