Delhi Fog Chaos

দিল্লিতে কুয়াশার দাপট, যাত্রীদের জন্য বিশেষ উপদেশ, বিলম্বিত শতাধিক ফ্লাইট

ঘন কুয়াশায় ঢেকে দিল্লি, দৃশ্যমানতা প্রায় শূন্য। জারি বিশেষ অ্যাডভাইজারি। একাধিক ফ্লাইট ও ট্রেন বিলম্বিত। আগামী কয়েক দিন একই আবহাওয়ার সতর্কতা দিল আবহাওয়া দফতর।

দিল্লিতে কুয়াশার দাপট
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
  • শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৫ ০২:০৪

সকাল থেকেই ঘন কুয়াশায় ঢেকে রয়েছে দিল্লি। দৃশ্যমানতা প্রায় শূন্যের কাছাকাছি থাকায় বিমান চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে বুধবার সকালেই যাত্রীদের জন্য বিশেষ উপদেশ জারি করল দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে নানো হয়েছে, কুয়াশার জেরে ফ্লাইটের ওঠানামা ব্যাহত হতে পারে এবং বিমান ছাড়তে দেরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই বিমানবন্দরে রওনা হওয়ার আগে সংশ্লিষ্ট বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ পরিস্থিতি জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে যাত্রীদের।

একই ধরনের সতর্কতা জারি করেছে ইন্ডিগো বিমান সংস্থাও। সংস্থার তরফে জানানো হয়েছে, ঘন কুয়াশার কারণে দিল্লির পাশাপাশি উত্তর ভারতের একাধিক বিমানবন্দর প্রভাবিত হতে পারে। বিশেষ করে সকালের দিকে দৃশ্যমানতা কম থাকায় বিমান পরিষেবায় সমস্যা দেখা দিচ্ছে।

ইন্ডিগোর বিবৃতিতে আরও বলা হয়েছে, কুয়াশাচ্ছন্ন আবহাওয়া অব্যাহত থাকলে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ফ্লাইটের আগমন ও প্রস্থানে প্রভাব পড়তে পারে। পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে এবং যাত্রীদের দুর্ভোগ কমাতে প্রয়োজনীয় অপারেশনাল সমন্বয় করা হচ্ছে।

উল্লেখ্য, ঘন কুয়াশা ও বায়ুদূষণের জেরে কার্যত বিপর্যস্ত দেশের রাজধানী। মঙ্গলবার সকালেও দিল্লির এয়ার কোয়ালিটি ইনডেক্স ছিল অত্যন্ত খারাপ। ‘ফ্লাইটরাডার২৪’-এর তথ্য অনুযায়ী, মঙ্গলবার ভোর থেকে সকাল ৮টার মধ্যে ১৫০টিরও বেশি ফ্লাইট বিলম্বিত হয়েছে। যদিও সোমবার পরিস্থিতি ছিল আরও গুরুতর সেদিন ৫৫০টিরও বেশি ফ্লাইট দেরিতে ছেড়েছিল, বাতিল হয়েছিল প্রায় ১৩০টি ফ্লাইট এবং অন্তত আটটি ফ্লাইটের রুট পরিবর্তন করতে হয়।

এ দিকে কুয়াশার প্রভাব পড়েছে রেল পরিষেবাতেও। উত্তর রেলওয়ের তরফে জানানো হয়েছে, একাধিক ট্রেন নির্ধারিত সময়ের তুলনায় দেরিতে চলছে।

অন্যদিকে, আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক দিন দিল্লি ও সংলগ্ন এলাকায় একই ধরনের আবহাওয়া বজায় থাকবে। অন্তত আরও ছ’দিন ঘন কুয়াশা ও খারাপ বাতাসের মানের সতর্কতা জারি করা হয়েছে।


Share