Supreme Court

এসআইআরে নাম বাদ গেলেই নাগরিকত্ব বাতিল নয়, বন্ধ করা যাবে না সরকারি প্রকল্প, কমিশনের কাছে বিস্তারিত রিপোর্ট তলব সুপ্রিম কোর্টের

তাই শুধুমাত্র তালিকা থেকে নাম বাদ যাওয়ার কারণে সংশ্লিষ্ট বাসিন্দাদের সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত করা যাবে না বলেও শীর্ষ আদালত পর্যবেক্ষণ করেছে।

সুপ্রিম কোর্ট।
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
  • শেষ আপডেট: ২৫ আগস্ট ২০২৬ ০৫:০৪

ট্রাইব্যুনালে এখনও পর্যন্ত কতগুলি মামলার নিষ্পত্তি হয়েছে? এসআইআরে বাদ পড়া কতজনের নাম নতুন করে ভোটার তালিকায় যুক্ত করা হয়েছে? মঙ্গলবার সুপ্রিম কোর্ট এ বিষয়ে জাতীয় নির্বাচন কমিশনের কাছে বিস্তারিত রিপোর্ট চাইল। শুনানিতে আদালত স্পষ্ট জানিয়ে দেয়, এসআইআরে কারও নাম বাদ পড়ার অর্থ তাঁর নাগরিকত্ব বাতিল হয়ে যাওয়া নয়। তাই শুধুমাত্র তালিকা থেকে নাম বাদ যাওয়ার কারণে সংশ্লিষ্ট বাসিন্দাদের সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত করা যাবে না বলেও শীর্ষ আদালত পর্যবেক্ষণ করেছে।

রাজ্যে এসআইআরের জেরে লক্ষ লক্ষ ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। তাঁদের মধ্যে অধিকাংশেরই দাবি, তাঁরা দীর্ঘদিন ধরে এ রাজ্যে বসবাস করছেন এবং তাঁদের কাছে বৈধ নথিপত্রও রয়েছে। ফলে এসআইআরে নাম বাদ যাওয়ার পর তাঁদের মধ্যে দেশছাড়া হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের নির্দেশে ট্রাইব্যুনাল গঠন করা হয়। এসআইআরের প্রাথমিক পর্যায়ে যাঁদের নাম তালিকা থেকে বাদ পড়েছে, তাঁরা ওই ট্রাইব্যুনালে নতুন করে নাম অন্তর্ভুক্তির জন্য আবেদন করতে পারেন। প্রয়োজনীয় নথিপত্র যাচাইয়ের পর সবকিছু ঠিক থাকলে তাঁদের নাম ফের ভোটার তালিকায় যুক্ত হওয়ার সুযোগ রয়েছে। সূত্রের খবর, এখনও পর্যন্ত ট্রাইব্যুনালগুলিতে প্রায় সাত লক্ষ আবেদন জমা পড়েছে। এ দিন ভোটার তালিকা থেকে বাদ পড়া নাম পুনরায় অন্তর্ভুক্ত করা এবং সেই সংক্রান্ত আবেদনগুলির নিষ্পত্তি নিয়ে সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনের কাছে বিস্তারিত তথ্য চাইল।

কমিশনকে হলফনামা দিয়ে জানাতে বলা হয়েছে, ট্রাইব্যুনালে বর্তমানে কতগুলি আবেদন বিচারাধীন, কতগুলি মামলার নিষ্পত্তি হয়েছে এবং আবেদনকারীরা কী ধরনের প্রতিকার চেয়েছেন। কারণ, এসআইআর থেকে বাদ পড়া ভোটারদের আবেদন এবং ভোটার তালিকা থেকে কারও নাম বাদ দেওয়ার দাবিতে করা আবেদনের হিসাব আলাদা। এই শুনানিতে আদালত স্পষ্ট করে জানিয়েছে, এসআইআরে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া মানেই সংশ্লিষ্ট ব্যক্তির নাগরিকত্ব বাতিল হয়ে যাওয়া নয়। তাই শুধুমাত্র এই কারণে তাঁদের সরকারি প্রকল্পের সুবিধা থেকেও বঞ্চিত করা যাবে না। উল্লেখ্য, এসআইআরে নাম বাদ পড়া মতুয়াদের একটি বড় অংশ এখনও সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন বলে জানা গিয়েছে, কারণ তাঁরা নাগরিকত্বের জন্য আবেদন করেছেন।

অন্য দিকে, অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করে যাঁদের নাম বাদ দেওয়া হয়েছে, তাঁরা সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন না। তবে ট্রাইব্যুনালে মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কাউকে আইনিভাবে বিদেশি হিসেবে ঘোষণা করা যায় না। ফলে সেই ব্যক্তিদের সরকারি প্রকল্পের সুবিধা বন্ধ করার ক্ষেত্রেও সরাসরি পদক্ষেপ করা যাবে না।


Share