Accident

ঘন কুয়াশার জেরে ভয়াবহ দুর্ঘটনা লখনউ-দিল্লি জাতীয় সড়কে, একে অন্যকে ধাক্কা মারে ১০টি গাড়ি, গুরুতর জখম ১২

ঘন কুয়াশায় বিপর্যয় উত্তর ভারতের জাতীয় সড়কে। শাহাজানপুরের কাছে লখনউ–দিল্লি হাইওয়েতে একের পর এক ধাক্কায় জড়াল ১০টি গাড়ি, গুরুতর আহত ১২ জন।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
  • শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২৬ ০৫:১৯

শীত কিছুটা কমলেও দিল্লিতে ঘন কুয়াশায় ঢেকে রয়েছে চারপাশ। অল্প দূরের জিনিসও স্পষ্ট দেখা যাচ্ছে না। ঠিক এমন পরিস্থিতিতে একের পর এক ধাক্কায় জড়িয়ে পড়ে ১০টি গাড়ি। রবিবার সকালে উত্তর প্রদেশের শাহাজানপুরের কাছে লখনউ-দিল্লি জাতীয় সড়কের এই দুর্ঘটনাটি ঘটে। ঘটনায় গুরুতর জখম হয়েছে ১২ জন। ইতিমধ্যেই শুরু হয়েছে উদ্ধারকাজ। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতোই জাতীয় সড়কে চলছিল গাড়িগুলি। কিন্তু এ দিন ভোর থেকেই ঘন কুয়াশার চাদরে ঢেকেছিল রাজধানী। আর তাতেই তৈরী হয় বিপত্তি। আচমকাই একটি বাস চালক সামনের একটি গাড়িকে ধাক্কা মারেন। তাঁদের পিছনে গাড়ির লম্বা লাইন ছিল। কিন্তু কুয়াশার কারণে সামনে যে দুর্ঘটনা ঘটেছে দেখতে পাননি অন্য গাড়ির চালকরা। তাঁরা একের পর এক সামনে থাকা গাড়িতে ধাক্কা মারতে শুরু করে।

এই ঘটনায় কয়েকজন গাড়ি চালক গুরুতর জখম হন। আহত হন বেশকিছু জন যাত্রীও। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ-সহ অ্যাম্বুল্যান্স। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। কুয়াশার কারণেই দুর্ঘটনা বলে জানান, কোতোয়ালি থানার এক পুলিশ কর্তা।

দুর্ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, পরপর প্রায় দশটি গাড়ি দাঁড়িয়ে রয়েছে। কারও বনেট দুমড়ে-মুচড়ে গিয়েছে। আবার কোনও গাড়ির ডিকি মুচড়ে গিয়েছে । দুর্ঘটনার জেরে জাতীয় সড়কে বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ ছিল। পরে ক্রেনে করে ক্ষতিগ্রস্ত যানবাহনগুলিকে সরিয়ে রাস্তা পরিস্কার করে পুলিশ।


Share