Mysterious Death

বিজনৌরে জঙ্গলে কাঠ কুড়োতে গিয়ে নিখোঁজ দম্পতি, ২৪ ঘণ্টা পর এক কিলোমিটারের ব্যবধানে উদ্ধার স্বামী-স্ত্রীর দেহ

উত্তরপ্রদেশের বিজনৌরের এই ঘটনায় আত্মহত্যা না কি খুন—তা নিয়ে রহস্য ঘনীভূত হয়েছে। বিশেষ করে, স্বামীর পরনে স্ত্রীর পোশাক এবং মহিলার অর্ধনগ্ন অবস্থায় দেহ উদ্ধারের ঘটনায় তদন্তকারীদের সন্দেহ আরও বেড়েছে।

জঙ্গল থেকে উদ্ধার এক দম্পতির মৃতদেহ।
নিজস্ব সংবাদদাতা, উত্তরপ্রদেশ
  • শেষ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬ ১২:৪৫

জঙ্গলে কাঠ কুড়োতে গিয়ে এক দলিত দম্পতি নিখোঁজ হয়েছিলেন। প্রায় ২৪ ঘণ্টা পর এক কিলোমিটারের ব্যবধানে তাঁদের দেহ উদ্ধার হল। স্বামীকে গাছ থেকে ঝুলন্ত অবস্থায় এবং স্ত্রীকে একটি গাছের সঙ্গে বাঁধা অবস্থায় পাওয়া যায়। উত্তরপ্রদেশের বিজনৌরের এই ঘটনায় আত্মহত্যা না কি খুন—তা নিয়ে রহস্য ঘনীভূত হয়েছে। বিশেষ করে, স্বামীর পরনে স্ত্রীর পোশাক এবং মহিলার অর্ধনগ্ন অবস্থায় দেহ উদ্ধারের ঘটনায় তদন্তকারীদের সন্দেহ আরও বেড়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে ওই দম্পতি জালালপুর কাজী গ্রামের কাছে জঙ্গলে কাঠ কুড়োতে গিয়েছিলেন। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তাঁরা বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যেরা প্রথমে নিজেরাই আশপাশের এলাকায় খোঁজ শুরু করেন। কোথাও তাঁদের সন্ধান না পেয়ে শেষ পর্যন্ত পুলিশের কাছে নিখোঁজের অভিযোগ জানান। এর পর মঙ্গলবার সকালে পুলিশ জালালপুর কাজী গ্রামের সংলগ্ন এলাকায় তল্লাশি শুরু করে। প্রথমে গঙ্গার ধারে একটি গাছের সঙ্গে দুপাট্টা দিয়ে বাঁধা অবস্থায় মহিলার দেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে প্রায় এক থেকে দেড় কিলোমিটার দূরে আরও একটি গাছ থেকে তাঁর স্বামীর ঝুলন্ত দেহ অবস্থায় উদ্ধার হয়। তাঁর পরনে ছিল স্ত্রীর সালোয়ার।

দম্পতির দেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে তদন্তকারীরা বিভিন্ন নমুনাও সংগ্রহ করেছেন। কী ভাবে তাঁদের মৃত্যু হল, তাঁরা নিজেরাই আত্মহত্যা করেছিলেন, নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে—সব দিক পুলিশ খতিয়ে দেখছে। দম্পতির মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের দিকেও তদন্তকারীরা তাকিয়ে রয়েছেন।


Share