Narendra Modi

'ফ্রেন্ডশিপ ডে'র মতোই উদযাপন হোক 'হস্তশিল্প দিবস'! দেশবাসীর কাছে বিশেষ আবেদন প্রধানমন্ত্রী মোদীর

৭ অগস্ট ‘জাতীয় হস্তশিল্প দিবস’ উপলক্ষ্যে বৃহস্পতিবার রাতে ইনস্টাগ্রামে প্রকাশিত একটি ভিডিও বার্তায় মোদী বলেন, ‘অন্তত একটা হ্যান্ডলুম প্রোডাক্ট কিনুন'।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
  • শেষ আপডেট: ০৭ আগস্ট ২০২৬ ১২:২৬

ফ্রেন্ডশিপ ডে-র মতোই জাঁকজমক করে ‘হস্তশিল্প দিবস’ পালনের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁতি ও হস্তশিল্পীদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়ে তিনি দেশবাসীকে অন্তত একটি হাতে বোনা পণ্য কেনার পাশাপাশি সেই অভিজ্ঞতা সামাজিক মাধ্যমে ভাগ করে নেওয়ার অনুরোধ জানিয়েছেন। ৭ অগস্ট ‘জাতীয় হস্তশিল্প দিবস’ উপলক্ষ্যে বৃহস্পতিবার রাতে ইনস্টাগ্রামে প্রকাশিত একটি ভিডিও বার্তায় মোদী বলেন, ‘অন্তত একটা হ্যান্ডলুম প্রোডাক্ট কিনুন।’

প্রধানমন্ত্রী স্মরণ করিয়ে দেন, ১৯০৫ সালের ৭ অগস্ট থেকেই স্বদেশী আন্দোলনের সূচনা হয়েছিল। তাঁর কথায়, ‘স্বদেশী আন্দোলন গোটা দেশকে এক সুতোয় বেঁধে দিয়েছিল। হয়ে উঠেছিল আত্মনির্ভরতার প্রতীক।’ সেই প্রেক্ষাপটের সঙ্গে তাঁতি এবং তাঁত শিল্পকে মিলিয়ে দিয়ে মোদী বলেন, ‘একটা ছোট ঘরে বসে তাঁতিরা অসাধারণ সুতো আর রেশমি কাপড় বুনে চলেছেন। এই দিনটা তাঁদের সম্মান জানানোর দারুণ সুযোগ।’

জাতীয় হ্যান্ডলুম দিবসে দেশবাসীর উদ্দেশ্যে বিশেষ বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি সকলকে অন্তত একটি হলেও হাতে বোনা বা হ্যান্ডলুম পণ্য কেনার আহ্বান জানান। পাশাপাশি, সেই পণ্য ব্যবহার বা কেনার অভিজ্ঞতার একটি ভিডিয়ো সমাজমাধ্যমে শেয়ার করারও অনুরোধ করেন। তাঁর মতে, এর মাধ্যমে আরও বেশি মানুষ ভারতীয় তাঁতশিল্পকে সমর্থন জানাতে উৎসাহিত হবেন।

এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী ‘আত্মনির্ভর ভারত’-এর লক্ষ্যও তুলে ধরেন। তিনি বলেন, দেশের প্রতিটি সাধারণ ও দরিদ্র পরিবার অর্থনৈতিকভাবে শক্তিশালী না হলে প্রকৃত অর্থে আত্মনির্ভর ভারত গড়ে তোলা সম্ভব নয়। মোদীর দাবি, মানুষের সক্রিয় অংশগ্রহণ বাড়লে ভারতীয় তাঁতশিল্পীদের দক্ষতা, ঐতিহ্য ও কারুশিল্প আন্তর্জাতিক স্তরেও আরও বেশি স্বীকৃতি পাবে।


Share