Mysterious Death

রায়পুরে বাড়ি থেকে উদ্ধার বায়ুসেনা আধিকারিকের দেহ, সুইসাইড নোট মেলেনি, ধোঁয়াশা বাড়ছে মৃত্যুর কারণ ঘিরে

বুধবার সকালে বাড়ির পরিচারিকা উইং কমান্ডার বিপুল যাদবের নিথর দেহ প্রথম দেখতে পান। তিনিই তৎক্ষণাৎ পরিবারের সদস্য ও প্রতিবেশীদের খবর দেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, যে ঘর থেকে বিপুলের দেহ উদ্ধার হয়েছে, তার পাশের ঘরেই তাঁর দুই সন্তান ঘুমোচ্ছিল।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, ছত্তীসগঢ়
  • শেষ আপডেট: ১২ মার্চ ২০২৬ ০৫:১১

ছত্তীসগঢ়ের রায়পুরে ভারতীয় বায়ুসেনার এক উইং কমান্ডারের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। নিজের বাড়ি থেকেই তাঁর দেহ উদ্ধার হয়েছে। ঘটনাটির সময় বাড়িতে উপস্থিত ছিল তাঁর ন’বছরের পুত্র ও সাত বছরের কন্যা। তবে কর্মসূত্রে তাঁর স্ত্রী তখন দিল্লি-তে ছিলেন।

বুধবার সকালে বাড়ির পরিচারিকা উইং কমান্ডার বিপুল যাদবের নিথর দেহ প্রথম দেখতে পান। তিনিই তৎক্ষণাৎ পরিবারের সদস্য ও প্রতিবেশীদের খবর দেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, যে ঘর থেকে বিপুলের দেহ উদ্ধার হয়েছে, তার পাশের ঘরেই তাঁর দুই সন্তান ঘুমোচ্ছিল। ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোট মেলেনি, ফলে মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

অতিরিক্ত পুলিশ কমিশনার রমাকান্ত সাহু জানিয়েছেন, কর্মসূত্রে সম্প্রতি বিপুলের বদলি হয়েছিল ছত্তীসগঢ়ে এবং তিনি মাওবাদী দমন অভিযানের সঙ্গেও যুক্ত ছিলেন। পুলিশ সমস্ত দিক তদন্ত করে দেখছে। প্রাথমিক ভাবে পারিবারিক অশান্তির জেরেই তিনি এই চরম সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন বলে মনে করা হচ্ছে।

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, বিপুলের স্ত্রীও আগে বায়ুসেনায় কর্মরত ছিলেন। বর্তমানে তিনি বেঙ্গালুরুর একটি তথ্যপ্রযুক্তি সংস্থায় কাজ করেন। বিপুলের বাড়ি আজমগড়ে। কী কারণে এই ঘটনা ঘটল, তা জানতে পরিবারের সদস্য ও আত্মীয়দের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক তদন্তে স্ত্রীর সঙ্গে তাঁর মাঝেমধ্যেই অশান্তির কথাও সামনে এসেছে। সেই পারিবারিক বিবাদের সঙ্গে এই মৃত্যুর কোনও যোগ আছে কি না, তাও তদন্ত করে দেখছে পুলিশ।


Share