Earthquake

ফের ভূমিকম্প দিল্লিতে, ২.৮ তীব্রতায় কাঁপল রাজধানী, কম্পন অনুভূত এনসিআর জুড়ে

সকাল সকাল ফের ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সূত্রে জানা গিয়েছে, সোমবার সকাল ৮টা ৪৪ মিনিটে উত্তর দিল্লিকে কেন্দ্র করে ২.৮ মাত্রার কম্পন অনুভূত হয়।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
  • শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০২৬ ০১:৩১

ফের ভূমিকম্প রাজধানীতে। সকাল সকাল কেঁপে উঠল দিল্লি। ভূমিকম্পের উৎস্যস্থল উত্তর দিল্লি। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সূত্রের খবর, সোমবার সকাল আটটা ৪৪ নাগাদ দিল্লিতে কম্পন অনুভূত হয়। যদিও রিখটার স্কেলে এর তীব্রতা ২.৮।  

ভূপৃষ্ঠের প্রায় পাঁচ কিলোমিটার গভীরে এ দিনের কম্পনের উৎস্যস্থল। এর তীব্রতা খুব জোরাল না হলেও, দিল্লির বিভিন্ন অংশে কম্পন হয়। এর আগে ১৩ জানুয়ারি উত্তরাখণ্ডের বাগেশ্বরে মৃদু ভূমিকম্প হয়। রিখটার স্কেলে তীব্রতা ছিল ৩.৫। তবে ঝাঁকুনি অনুভূত হতেই ভয় পেয়ে যান লোকজন। ঘর ছেড়ে বাইরে, রাস্তায় নেমে আসেন।

এরপর ১৪ জানুয়ারি হরিয়ানার সোনিপতেও মৃদু ভূমিকম্প হয়। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৩.৪। এই ভূমিকম্পের উৎস্যস্থল ভূপৃষ্ঠ থেকে পাঁচ কিলোমিটার গভীরে ছিল। মানুষ আতঙ্কিত হয়ে বাড়ি, দোকান থেকে বাইরে বেরিয়ে আসেন। এ বার একেবারে রাজধানীই উৎসস্থল। তবে দিল্লি ও এনসিআর এলাকা ভূমিকম্পপ্রবণ। ফলে প্রায়শই মৃদু ঝাঁকুনি অনুভূত হয় এ সব জায়গায়।


Share