Assembly Election

নিয়োগ দুর্নীতি মামলায় চাকরি যাওয়া তৃণমূল নেত্রীকে সঙ্গে নিয়ে প্রচার করছেন দলীয় প্রার্থীরা, সমাজমাধ্যমে পোস্ট করে দাবি বিজেপির

টুম্পা হুগলি জেলা পরিষদের তৃনমূলের প্রাক্তন সদস্য। তিনি রিষড়ার বাসিন্দা। ২০১৬ সালের প্যানেলে অশিক্ষক কর্মচারী হিসাবে চাকরি পেয়েছিলেন। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূল নেত্রী টুম্পার চাকরি বাতিল হয়ে যায়।

তৃণমূল নেত্রী টুম্পা মেটের সঙ্গে দলীয় প্রার্থীরা।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২৬ ১১:২৮

নিয়োগ দুর্নীতি মামলায় চাকরি যাওয়া তৃণমূল নেত্রীকে নিয়ে প্রচার করছেন দলীয় প্রার্থী। সমাজমাধ্যমে এমনটাই পোস্ট করে দাবি করেছে বিজেপি। উত্তরপাড়া এবং শ্রীরামপুরের তৃণমূল প্রার্থীর প্রচারে নিয়োগ দুর্নীতি মামলায় চাকরি হারানো টুম্পা মেটের ছবি ভাইরাল হতেই বিতর্ক শুরু হয়েছে। বিজেপি কর্মীর অভিযোগ, “দুর্নীতি করে চাকরি গিয়েছিল টুম্পার। সে আজ শ্রীরামপুর ও উত্তরপাড়ার তৃণমূলের প্রার্থীর ছায়াসঙ্গী। সাবধান হোন শ্রীরামপুরবাসী ও উত্তপাড়াবাসী।”

কে এই টুম্পা মেটে? টুম্পা হুগলি জেলা পরিষদের তৃনমূলের প্রাক্তন সদস্য। তিনি রিষড়ার বাসিন্দা। ২০১৬ সালের প্যানেলে অশিক্ষক কর্মচারী হিসাবে চাকরি পেয়েছিলেন। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূল নেত্রী টুম্পার চাকরি বাতিল হয়ে যায়। বিজেপির অভিযোগ, টাকা দিয়ে তিনি চাকরি পেয়েছিলেন। উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হয়েছেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে শীর্ষাণ‍্য বন্দ্যোপাধ্যায়। শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী হয়েছেন তন্ময় ঘোষ। তাঁদের দু’জনের নির্বাচনী প্রচারে টুম্পা মেটেকে দেখা গিয়েছে। আর সেই ছবি সমাজমাধ্যমে পোস্ট করে তৃণমূল প্রার্থীকে কটাক্ষ করেছে বিজেপি। পাশাপাশি সাধারন মানুষকে সাবধান করেছে বিজেপির কর্মীরা।

ঘটনা প্রসঙ্গে শ্রীরামপুরের বিজেপি প্রার্থী ভাস্কর ভট্টাচার্য বলেন, “চোর আর তৃণমূল সমার্থক।” বিজেপি নেতা পরাগতরু মিত্র বলেন, “পশ্চিমবঙ্গের সবাই জানে টুম্পা মেটে টাকা দিয়ে চুরি করে চাকরি পেয়েছে।যার যেটা পরিচয়। তৃণমূলের পদবী হল ‘চোর’। আর তার প্রতীক হল টুম্পা মেটে।তাকে নিয়ে প্রচারে ঘুরে তৃণমূল প্রমাণ করছে যে তাঁরা হল চোরেদের দল। আমরা সাধারণ মানুষকে সাবধান করার জন্য এটা সমাজমাধ্যমে ছেড়েছি। পশ্চিমবঙ্গের কোনায় কোনায় এ রকম আরও টুম্পা মেটে আছে। তাই এদের থেকে সাবধান থাকতে হবে। আবার ক্ষমতা এলে টুম্পা মেটের মত আরও অনেকেই তৈরি হবে। তাই তৃণমূলকে বিদায় দিতে হবে।”

শ্রীরামপুরের তৃণমূল পার্থী তন্ময় ঘোষ এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তৃণমূল প্রার্থী তন্ময় বলেন, “শ্রীরামপুরে টুম্পা মেটে দাঁড়িয়েছে না তন্ময় ঘোষ? আমার বিরুদ্ধে কোনও অভিযোগ থাকলে তা বলতে পারেন। বিষয়টি কার্যত এড়িয়ে গিয়ে তন্ময় ঘোষ আরও বলেন, “বিজেপির চিন্তা করা কোনও কারণ নেই। আমাদের নিত্যদিনের জনসংযোগ কর্মসূচিতে যে রকম মানুষের ঢল নামছে, তাতে বিজেপি ভয় পেয়ে গিয়েছে। তার জন্য নানা রকম ছলা-কলা-কৌশল অবলম্বন করছে। কে কোথায় কী করেছে তার দায় দায়িত্ব প্রার্থীর বা দলের নয়।”


Share