Election Commission

ভোটগণনায় কড়া নজরদারি! পশ্চিমবঙ্গে ১৬৫ কাউন্টিং ও ৭৭ পুলিশ অবজার্ভার নিয়োগে করতে চলেছে কমিশন

কমিশনের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, এই পর্যবেক্ষকদের প্রধান দায়িত্ব হবে গণনাকেন্দ্রগুলিতে আইনশৃঙ্খলা বজায় রাখা এবং পুরো গণনা প্রক্রিয়াটি যাতে শান্তিপূর্ণ, ভয়মুক্ত ও স্বচ্ছ ভাবে সম্পন্ন হয়, তা নিশ্চিত করা।

নির্বাচন কমিশন
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০২ মে ২০২৬ ১০:০১

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোটগণনা প্রক্রিয়াকে আরও নিরাপদ ও স্বচ্ছ করতে বড় পদক্ষেপ নিল নির্বাচন সদন। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, রাজ্যে অতিরিক্ত ১৬৫ জন কাউন্টিং অবজার্ভার এবং ৭৭ জন পুলিশ অবজার্ভার নিয়োগ করা হয়েছে।

কমিশনের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, এই পর্যবেক্ষকদের প্রধান দায়িত্ব হবে গণনাকেন্দ্রগুলিতে আইনশৃঙ্খলা বজায় রাখা এবং পুরো গণনা প্রক্রিয়াটি যাতে শান্তিপূর্ণ, ভয়মুক্ত ও স্বচ্ছ ভাবে সম্পন্ন হয়, তা নিশ্চিত করা।

সংবিধানের ৩২৪ নম্বর অনুচ্ছেদ ও প্রযোজ্য আইনের আওতায় এই নিয়োগ করা হয়েছে বলে কমিশন জানিয়েছে। যেসব বিধানসভা কেন্দ্রে একাধিক গণনাকক্ষ রয়েছে, সেখানে কাউন্টিং অবজার্ভারদের সহায়তায় অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন করা হয়েছে।

অন্য দিকে, পুলিশ অবজার্ভারদের দায়িত্ব থাকবে গণনাকেন্দ্রের বাইরে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বজায় রাখা। তবে গণনার দিন তাঁদের কোনও ভাবেই গণনাকক্ষে প্রবেশের অনুমতি থাকবে না। পাশাপাশি, গণনাকেন্দ্রে প্রবেশ সম্পূর্ণ ভাবে কিউআর কোড-ভিত্তিক পরিচয়পত্রের মাধ্যমে নিয়ন্ত্রিত হবে। মোবাইল ফোন বহনের ক্ষেত্রেও জারি করা হয়েছে কড়া নিষেধাজ্ঞা। নির্ধারিত ফর্মে গণনার ফল প্রস্তুত করে তা কাউন্টিং এজেন্টদের সইয়ের জন্য ভাগ করে দেওয়া হবে বলেও জানানো হয়েছে।


Share