Police Transferred

হাতে অত‍্যাধুনিক অত‍্যাধুনিক অস্ত্র নিয়ে ছবি, তৃণমূলের অভিযোগের ভিত্তিতে কালীঘাট থানার ওসিকে সরাল লালবাজার

ঘটনার নিরপেক্ষ তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবির পরেই পদক্ষেপ করল লালবাজার। তার পরেই কালীঘাট থানায় ওসি পদ থেকে গৌতমকে সরিয়ে দেওয়া হয়েছে। কেন তাঁকে সরিয়ে দেওয়া হল, পুলিশের তরফে এই বিষয়ে কিছু স্পষ্ট করা হয়নি। বলা হয়েছে জনগণের স্বার্থেই এই বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ওসি গৌতম দাস।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০২ মে ২০২৬ ০৭:০৩

হাতে বন্দুক। তার ওপরে ক‍্যাপশনে লেখা ‘নতুন অ‍্যাসাইনমেন্টের জন‍্য আমি তৈরি’। তার পরেই তৃণমূলের তরফে অভিযোগ জানানো হয়। দাবি করা হয়, তিনি এমন করতে পারেন না। এর পরেই কালীঘাট থানার ওসি গৌতম দাসকে সরিয়ে দেওয়া হয়েছে। ওই থানার নতুন হিসেবে চামেলি মুখোপাধ্যায়কে নিয়োগ করেছে লালবাজার। চামেলি এর আগে উল্টোডাঙা মহিলা থানার ওসি ছিলেন।

সমাজমাধ্যমে কালীঘাট থানার ওসি গৌতম দাসের একটি ছবি ভাইরাল হয়েছে। তা ঘিরেই বিতর্ক শুরু হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে, স্বয়ংক্রিয় অত‍্যাধুনিক আগ্নেয়াস্ত্র হাতে ধরে রয়েছেন তিনি। সেই ছবির সঙ্গেই ক‍্যাপশনে লেখা রয়েছে— ‘নতুন অ্যাসাইনমেন্টের জন্য আমি তৈরি’। এই পোস্ট প্রকাশ্যে আসতেই প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস। এই বিষয়টি নিয়ে নির্বাচন কমিশন এবং কলকাতার পুলিশ কমিশনারের কাছে অভিযোগ জানানো হয়। পাশাপাশি, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরেও চিঠি পাঠানো হয়। 

চিঠিতে একাধিক প্রশ্ন তোলা হয়েছে, “এই আগ্নেয়াস্ত্র কি ওঁকে সরকারি ভাবে দেওয়া হয়েছে? তিনি কি এই ধরনের অস্ত্র চালানোর জন্য প্রশিক্ষণপ্রাপ্ত?” তৃণমূল নেতার আরও দাবি, ভোটের আবহে এ ধরনের ছবি সংবাদমাধ্যমে পোস্ট হওয়া অত্যন্ত উদ্বেগজনক। এর ফলে ভুল বার্তা যেতে পারে। তৃনমূলের আরও দাবি, “এই ছবি শুধু উদ্বেগজনকই নয় বরং আইনের দৃষ্টিতেও অত্যন্ত আপত্তিকর। তাঁর হাতে একটি অত্যাধুনিক অস্ত্র রয়েছে, যা তিনি সামনে দাঁড়িয়ে থাকা কারও দিকে তাক করে রেখেছেন।“ যদিও ঠিক কী বার্তার কথা বলতে চেয়েছেন, তা স্পষ্ট করেনি তৃণমূল। 

তৃণমূলের আরও দাবি ছিল, “প্রথমত, আমাদের রাজ‍্যে কর্তব্যরত কোনও পুলিশ আধিকারিকই উর্দি পরা অবস্থায় নিজের ছবি তুলে, তা সমাজমাধ্যমে পোস্ট করতে পারেন না। দেশের অনেক রাজ‍্যে একই বিধিনিষেধ বলবৎ রয়েছে। পাশাপাশি, সমাজমাধ্যমে ব‍্যবহারের ক্ষেত্রে, ভারত সরকারের বর্তমান প্রটোকল অনুযায়ী, অস্ত্রের এমন প্রদর্শন, তা-ও আবার হুমকিসূচক ক‍্যাপশনের সঙ্গে, তা পুরোপুরি নিষিদ্ধ।”

ঘটনার নিরপেক্ষ তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবির পরেই পদক্ষেপ করল লালবাজার। তার পরেই কালীঘাট থানায় ওসি পদ থেকে গৌতমকে সরিয়ে দেওয়া হয়েছে। কেন তাঁকে সরিয়ে দেওয়া হল, পুলিশের তরফে এই বিষয়ে কিছু স্পষ্ট করা হয়নি। বলা হয়েছে জনগণের স্বার্থেই এই বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


Share