Assembly Election

মালদহে ভোটগণনা ঘিরে ‘জিরো টলারেন্স’ বার্তা, ড্রোন নজরদারি, পরিচয়পত্র যাচাই বাধ্যতামূলক

বৈঠকে মালদহের দুটি গণনা কেন্দ্রে প্রবেশ সংক্রান্ত নির্দিষ্ট নিয়মাবলী তুলে ধরা হয়। ড্রোনে তোলা ছবি জায়েন্ট স্ক্রিনে দেখিয়ে গণনা কেন্দ্রের প্রবেশ ও বাহিরের পরিস্থিতি বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন প্রশাসনিক কর্তারা।

মালদহে বৈঠক
নিজস্ব সংবাদদাতা, মালদহ
  • শেষ আপডেট: ০২ মে ২০২৬ ০৯:২৭

ভোট গণনাকে ঘিরে নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে সর্বদলীয় বৈঠক করল মালদহ জেলা পুলিশ ও প্রশাসন। শনিবার দুপুরে জেলা প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন জেলাশাসক রাজনবীর সিংহ কাপুর, পুলিশ সুপার অনুপম সিংহ-সহ অন্যান্য পদস্থ আধিকারিকরা। শাসক ও বিরোধী দলের প্রতিনিধিরাও বৈঠকে যোগ দেন।

বৈঠকে মালদহের দুটি গণনা কেন্দ্রে প্রবেশ সংক্রান্ত নির্দিষ্ট নিয়মাবলী তুলে ধরা হয়। ড্রোনে তোলা ছবি জায়েন্ট স্ক্রিনে দেখিয়ে গণনা কেন্দ্রের প্রবেশ ও বাহিরের পরিস্থিতি বিস্তারিত ভাবে ব্যাখ্যা করেন প্রশাসনিক কর্তারা।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মালদহ কলেজ ও পলিটেকনিক ইনস্টিটিউটে দুটি গণনা কেন্দ্র তৈরি করা হয়েছে। মালদহ কলেজে পাঁচটি এবং পলিটেকনিকে সাতটি বিধানসভা কেন্দ্রের ভোট গণনা হবে। সকাল সাতটার মধ্যে নির্দিষ্ট প্রবেশপথ দিয়ে রাজনৈতিক দলের প্রতিনিধিদের কেন্দ্রে প্রবেশ করতে হবে। সেই সময় নির্বাচন কমিশনের প্রদত্ত পরিচয়পত্র ও প্রয়োজনীয় নথি প্রদর্শন বাধ্যতামূলক। দুটি কেন্দ্রেই গাড়ি পার্কিং ও শৌচালয়ের পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

জেলাশাসক ও পুলিশ সুপার স্পষ্ট জানিয়েছেন, ফলাফল যাই হোক না কেন, গণনা পরবর্তী পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হবে। কোনওরকম বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না এবং ফল ঘোষণার পর যাতে কোথাও হিংসা ছড়িয়ে না পড়ে, সে দিকেও বিশেষ নজরদারি চালাবে জেলা প্রশাসন ও পুলিশ।


Share