By-Election

রাত পোহালেই নন্দীগ্রাম-রেজিনগরে ভোট, ডিসিআরসিতে শেষ মুহূর্তের ব্যস্ততা! ৩৭ কোম্পানি আধাসেনা, কড়া নিরাপত্তায় উপনির্বাচন

গোটা চত্বর মুড়ে ফেলা হয়েছে কড়া পুলিশি নিরাপত্তায়। একই ছবি রেজিনগরেও। ইভিএমের পাশাপাশি প্রয়োজনীয় সমস্ত ভোটসামগ্রী গুছিয়ে বুথের দিকে রওনা দিতে শুরু করেছেন ভোটকর্মীরা।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, নন্দীগ্রাম
  • শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০২৬ ০৪:৩৬

একটি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জেতা কেন্দ্র নন্দীগ্রাম, অন্যটি তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের জেতা রেজিনগর। রাত পোহালেই এই দুই কেন্দ্রে উপনির্বাচন। তার আগে সোমবার দুই কেন্দ্রেই চূড়ান্ত প্রস্তুতি তুঙ্গে। নন্দীগ্রামের রেয়াপাড়ায় ডিসিআরসি কেন্দ্রে সকাল থেকেই দেখা গেল ভোটকর্মীদের ব্যস্ততা। একে একে সেখানে হাজির হচ্ছেন ভোটকর্মীরা। ডিসিআরসি কেন্দ্র থেকেই ইভিএম এবং ভোটের প্রয়োজনীয় সামগ্রী নিয়ে নির্দিষ্ট বুথের উদ্দেশে রওনা দিচ্ছেন তাঁরা। গোটা চত্বর মুড়ে ফেলা হয়েছে কড়া পুলিশি নিরাপত্তায়। একই ছবি রেজিনগরেও। ইভিএমের পাশাপাশি প্রয়োজনীয় সমস্ত ভোটসামগ্রী গুছিয়ে বুথের দিকে রওনা দিতে শুরু করেছেন ভোটকর্মীরা।

ভোটের আগে নিরাপত্তা ব্যবস্থাতেও কোনও খামতি রাখতে চাইছে না প্রশাসন। নন্দীগ্রাম এবং রেজিনগরের বিভিন্ন এলাকায় চলছে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ। পাশাপাশি চলছে নাকা চেকিং। মঙ্গলবার নন্দীগ্রামের মোট ৩২৩টি বুথে ভোটগ্রহণ হবে। এই কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা দু'লক্ষ ৬৬ হাজার ৪১৯। নির্বাচন কমিশনের তরফে ৭৯টি বুথকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে। ওই বুথগুলিতে বিশেষ নজরদারি রাখা হচ্ছে। সূত্রের খবর, নন্দীগ্রাম ও রেজিনগর মিলিয়ে ভোটের নিরাপত্তায় মোতায়েন থাকবে ৩৭ কোম্পানি আধাসেনা। পাশাপাশি থাকবে প্রায় ৭০০ জন রাজ্য পুলিশকর্মী। ভোট চলাকালীন কুইক রেসপন্স টিম, হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড এবং স্ট্যাটিক সার্ভেল্যান্স টিমও মোতায়েন থাকবে।

নন্দীগ্রামে উপনির্বাচন হচ্ছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছেড়ে যাওয়া আসনে। ফলে এই কেন্দ্রের লড়াই ঘিরে রাজনৈতিক উত্তাপও যথেষ্ট। শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম ছেড়ে ভবানীপুরকে বেছে নিলেও উপনির্বাচনের প্রচারে এসে দলীয় প্রার্থী হাসিরানি রথের পাশে থাকার বার্তা দিয়েছেন। এমনকি নন্দীগ্রামে জয়ের ক্ষেত্রে আগের রেকর্ড ভাঙার বার্তাও দিয়েছেন তিনি। অন্যদিকে রেজিনগরের প্রচারসভা থেকে সংখ্যালঘু ভোটারদের উদ্দেশে ‘বন্ধুত্বের বার্তা’ দিয়েছেন মুখ্যমন্ত্রী। রেজিনগরেও বিজেপির জয়ের বিষয়ে আশাবাদী তিনি।

দুই কেন্দ্রেই শেষ মুহূর্তের প্রস্তুতি এখন কার্যত সম্পূর্ণ। মঙ্গলবার ভোটগ্রহণের পর আগামী ৯ অক্টোবর হবে ভোটগণনা। শেষ পর্যন্ত নন্দীগ্রাম ও রেজিনগরের মানুষ কোন দিকে রায় দেন, এখন নজর সেদিকেই।


Share