Assembly Election

ডিজিটাল বিজ্ঞাপন বাবদ খরচে এগিয়ে বিজেপি, পরেই রয়েছে তৃণমূল, কার কত খরচ হল, চলছে চর্চা

এই তথ্যগুলি মেটার ‘অ‍্যাড লাইব্রেরি’ এবং গুগুলের রাজনৈতিক বিজ্ঞাপন সংক্রান্ত ট্রান্সপারেন্সি রিপোর্টের ভিত্তিতে সংগ্রহ করা হয়েছে। কে কত খরচ করল, রইল তার হিসেব।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০১ মে ২০২৬ ০১:১৩

শুধু ব‍্যানার, ফেস্টুন, পতাকা নয় ডিজিটাল মাধ্যমকেও ভোটপ্রচারের হাতিয়ার করেছে সব রাজনৈতিক দল। ডিজিটাল মাধ্যম বিজ্ঞাপন বাবদ খরচের নিরিখে অনেকটাই এগিয়ে রয়েছে বিজেপি। তার পরেই খরচের নিরিখে স্থান পেয়েছে তৃণমূল। এমনটাই দাবি করা হয়েছে।

জানা গিয়েছে, গত ১৫ মার্চ থেকে ২৭ এপ্রিলের মধ্যে বিজেপি এবং তৃণমূল তাদের ভোটপ্রচারের জন্য ডিজিটাল মাধ্যম — গুগুল এবং মেটা প্ল্যাটফর্মে বিজ্ঞাপনে প্রায় ৩১ কোটি ৫৭ লক্ষ টাকা খরচ করেছে। বিজেপি এই সময়ের মধ্যে গুগুলে বিজ্ঞাপন বাবদ প্রায় ১২ কোটি ৫৩ লক্ষ টাকা ব্যয় করেছে। বিজেপি পশ্চিমবঙ্গের নির্বাচন সংক্রান্ত দলীয় প্রচারে এই পেজগুলির মাধ্যমে আট হাজারের বেশি বিজ্ঞাপন চালিয়েছে বলে জানা গিয়েছে।

অন‍্য দিকে, রাজ‍্য বিজেপির অনুমোদিত মেটা প্ল্যাটফর্ম (ফেসবুক এবং ইন্সটাগ্রাম)-এ পেজে বিধানসভা নির্বাচন সংক্রান্ত দলীয় প্রচারের জন্য প্রায় ৪ কোটি ১১ লক্ষ টাকা খরচ করেছে। এর পাশাপাশি বিভিন্ন বিধানসভা ভিত্তিক পেজগুলিতেও বিজ্ঞাপন চলেছে। সেখানে আরও প্রায় ৩৪ লক্ষ টাকা বিজেপি ব্যয় করেছে। এর ফলে শুধুমাত্র মেটা প্লাটফর্মে বিজেপির মোট খরচ দাঁড়িয়েছে প্রায় ৪ কোটি ৪৫ লক্ষ টাকা।

রাজ্যের বর্তমান শাসকদল তৃণমূলও ডিজিটাল মাধ্যমকে ভোটপ্রচারের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। জানা গিয়েছে, তৃণমূল এবং তাঁদের ভোটকুশলী সংস্থা আইপ‍্যাক গুগুলে বিজ্ঞাপন বাবদ ১০ কোটি ৫৫ লক্ষ টাকা ব‍্যয় করেছে। তাঁরা গত ২৭ এপ্রিল পর্যন্ত এক হাজার ১০০টির বেশি বিজ্ঞাপন চালিয়েছে।

তৃণমূল ফেসবুক এবং ইন্সটাগ্রামে নির্বাচন সংক্রান্ত দলীয় বিজ্ঞাপন বাবদ চার কোটি চার হাজার টাকা খরচ করেছে। এতে তৃণমূলের অনুমতি ফেসবুক পেজ বা আইপ‍্যাকের কিছু পেজ রয়েছে বলে জানা গিয়েছে। 

মোট হিসাব অনুযায়ী, বিজেপির ডিজিটাল মাধ্যমে বিজ্ঞাপন খরচ প্রায় ১৬ কোটি ৯৮ লক্ষ টাকা খরচ করেছে। তৃণমূল এবং তাঁদের ভোটকুশলী সংস্থা দলীয় বিজ্ঞাপন বাবদ ১৪ কোটি ৫৯ লক্ষ টাকা খরচ করেছে। যার ফলে দুই দলের সম্মিলিত ব্যয় প্রায় ৩১ কোটি ৫৭ লক্ষ টাকা হয়েছে বলে জানা গিয়েছে। 

এই তথ্যগুলি মেটার ‘অ‍্যাড লাইব্রেরি’  এবং গুগুলের রাজনৈতিক বিজ্ঞাপন সংক্রান্ত ট্রান্সপারেন্সি রিপোর্টের ভিত্তিতে সংগ্রহ করা হয়েছে। 


Share