Accident

প্রবল বৃষ্টিতে বেঙ্গালুরুতে মরণফাঁদ! মেডিকেল কলেজের প্রাচীর ধসে মৃত শিশু-সহ সাত জন

এই দুর্ঘটনায় এক শিশু-সহ সাতজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন অন্তত আরও সাতজন। শহরজুড়ে বৃষ্টিজনিত বিভিন্ন দুর্ঘটনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আট।

বেঙ্গালুরুতে প্রাচীর ভেঙে মৃত ৮
নিজস্ব সংবাদদাতা, বেঙ্গালুরু
  • শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০২৬ ০৪:২৬

বেঙ্গালুরুর বৃষ্টিতে দুর্ঘটনা। বুধবার সন্ধ্যায় প্রবল বর্ষণ ও শিলাবৃষ্টির জেরে বেঙ্গালুরুর বাউরিং ও লেডি কার্জন মেডিকেল কলেজের একটি সীমানা প্রাচীর ভেঙে পড়ে। এই দুর্ঘটনায় এক শিশুসহ সাতজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন অন্তত আরও সাতজন। শহরজুড়ে বৃষ্টিজনিত বিভিন্ন দুর্ঘটনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আট জন।

প্রত্যক্ষদর্শীদের কথায়, আচমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি নামতেই পথচারী ও হকাররা কলেজের পুরোনো প্রাচীরের পাশে আশ্রয় নেন। সেই সময়েই হুড়মুড়িয়ে কংক্রিটের দেওয়ালটি ভেঙে পড়ে। ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে যান বহু মানুষ। দ্রুত উদ্ধারকাজ শুরু হলেও অনেককে আর বাঁচানো যায়নি। মৃতদের মধ্যে কেরলের দুই বাসিন্দাও রয়েছেন। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছোন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এবং উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার। রাজ্য সরকার মৃতদের পরিবারপিছু পাঁচ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছে। শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবারকে দু'লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে সাহায্যের কথাও জানিয়েছেন তিনি।

অতিবৃষ্টির জেরে শহরের রিচমন্ড টাউন, শান্তি নগর-সহ একাধিক এলাকায় কোমরসমান জল জমে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। এমনকি কিছু গুরুত্বপূর্ণ সরকারি দফতরেও জল ঢুকে পড়েছে। শহরের দুর্বল ও জরাজীর্ণ পরিকাঠামো নিয়ে বিরোধীদের তরফে সমালোচনা শুরু হয়েছে। রক্ষণাবেক্ষণের অভাবেই এই দুর্ঘটনা কি না, তা নিয়ে বিচারবিভাগীয় তদন্তের দাবি উঠেছে। পরিস্থিতি সামাল দিতে এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে পুরসভা শহরের পুরোনো ও ঝুঁকিপূর্ণ ভবন ও প্রাচীর চিহ্নিত করার কাজ শুরু করেছে।


Share