Assembly Election

প্রতিটি গণনাকেন্দ্রে থাকছে ত্রিস্তরীয় নিরাপত্তা, প্রতিটি স্তরে সফল হলেই মিলবে অনুমতি, স্বচ্ছতা বজায় রাখতে আরও নির্বাচন কমিশন

গণনাকেন্দ্রে নিরাপত্তা নিয়ে প্রেস বিজ্ঞপ্তি জারি করেছে কমিশন। তাঁরা জানিয়েছে, প্রতিটি গণনা কেন্দ্রে গণনা হলের কাছাকাছি একটি মিডিয়া সেন্টার তৈরি করা হবে। অনুমোদিত সাংবাদিকেরাই সেখানে থাকবেন। তবে সাংবাদিকদের প্রবেশ আগের মতোই পরীক্ষা করে অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছে কমিশন।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০২৬ ০৮:২৯

বিজেপির অভিযোগ ছিল, ২০২১ সালের নির্বাচনে গণনাকেন্দ্রেও আইপ‍্যাকের কর্মীরা ভোটকর্মী সেজে ঢুকে পড়েছিল। অতীতের এ সব অভিযোগ থেকে শিক্ষা নিয়ে গণনাকেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থায় বদল আনল নির্বাচন। বৃহস্পতিবার কমিশন জানিয়েছে, গণনাকেন্দ্রে এ বারে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা থাকছে। প্রতিটি স্তরের সফল হলেই ভোটকর্মীরা গণনাকেন্দ্রে প্র‍বেশাধীকার পাবেন।

নির্বাচন কমিশন জানিয়েছে, গণনাকেন্দ্রে অনুমোদনহীন প্রবেশ রুখতে কিউআর কোড দ্বারা সুরক্ষিত বিশেষ ব‍্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি গণনাকেন্দ্রের ভোটকর্মীদের যে পরিচয়পত্র কমিশন দিয়েছে চলেছে তাতে কিউআর কোড এবং ছবি থাকবে। এর জন‍্য ত্রিস্তরীয় নিরাপত্তা ব‍্যবস্থার বলয় তৈরি করা হয়েছে। কমিশন জানিয়েছে, গণনাকেন্দ্রে প্রথম ও দ্বিতীয় স্তরে সংশ্লিষ্ট কেন্দ্রের রিটার্নিং অফিসার ভোটকর্মীদের পরিচয়পত্র পুঙ্খানুপুঙ্খ ভাবে পরীক্ষা করবেন। সেখানেই কিউআর কোড দেওয়া পরিচয়পত্র দেওয়া হবে। সেখান থেকেই যে ভোটকর্মীকে ওই পরিচয়পত্র দেওয়া হচ্ছে, তার সমস্ত তথ‍্য ইসিআই নেট সার্ভারে চলে যাবে। নিরাপত্তার তৃতীয় স্তর অর্থাৎ গণনা হলে ঢোকার আগে কেবলমাত্র কিউআর কোড স্ক্যান করা হবে। ইসিআই নেটে আপলোড হওয়া তথ্যের সঙ্গে মিলে গেলেই সংশ্লিষ্ট ভোটকর্মীকে গণনা হলে প্রবেশ করতে অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

কারা পাবেন এই বিশেষ পরিচয়পত্র পাবেন, তা-ও স্পষ্ট করে দিয়েছে নির্বাচন কমিশন। রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, গণনাকর্মী, প্রযুক্তিগত কর্মী, প্রার্থী, প্রার্থীদের নির্বাচনী এজেন্ট এবং দলীয় কাউন্টিং এজেন্ট-সহ অনুমোদিত অন্যান্য ব্যক্তিরা এই পরিচয়পত্র পাবেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন। জেলা নির্বাচন আধিকারিক এবং রিটার্নিং অফিসারদের এই ব্যবস্থার বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়ে গিয়েছে। নির্দিষ্ট চেকপয়েন্টে প্রশিক্ষিত কর্মী মোতায়েন করে নিরাপদ ও নির্বিঘ্ন প্রবেশ নিশ্চিত করতেও বলা হয়েছে।

নির্বাচন কমিশন গত এক বছরে ৩০টিরও বেশি সংস্কারমূলক উদ্যোগ নিয়েছে। ধারাবাহিক ভাবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর আগে বুথ স্তরের আধিকারিক (বিএলও)-দের জন্যও ছবি-সহ কিউআর কোড ভিত্তিক পরিচয়পত্র দেওয়া চালু করা হয়েছিল। কমিশন জানিয়েছে, অসম, কেরল, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ এবং পুদুচেরির বিধানসভা নির্বাচন এবং বাকি পাঁচটি রাজ্যের সাতটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনেও এই পদ্ধতি প্রয়োগ করা হবে। ভবিষ্যতে লোকসভা ও বিধানসভা—সব ধরনের সাধারণ ও উপনির্বাচনে এই ব্যবস্থা চালু করারও পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

এ ছাড়াও, প্রতিটি গণনা কেন্দ্রে গণনা হলের কাছাকাছি একটি মিডিয়া সেন্টার তৈরি করা হবে। অনুমোদিত সাংবাদিকেরাই সেখানে থাকবেন। তবে সাংবাদিকদের প্রবেশ আগের মতোই পরীক্ষা করে অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছে কমিশন। কমিশন আরও জানিয়েছে, এই নতুন ব্যবস্থা গণনা প্রক্রিয়ায় সর্বোচ্চ স্বচ্ছতা, নিরাপত্তা ও দক্ষতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।


Share