Assembly Election

দু'ঘন্টা সিসি ক্যামেরা বন্ধ! ভোট মিটতেই 'স্ট্রং রুম' নিয়ে অভিযোগ তৃণমূলের, হুগলির ঘটনা

জানা গিয়েছে, ভোট শেষ হতেই শ্রীরামপুর বিধানসভা কেন্দ্রে হুগলিতে অবস্থিত আরও পাঁচটি বিধানসভার ইভিএম রাখা হয়েছিল। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী শ্রীরামপুর কলেজে সেই ইভিএম রাখার বন্দোবস্ত করা হয়।

উত্তরপাড়া বিধানসভার 'স্ট্রংরুমের' চিত্র।
নিজস্ব সংবাদদাতা, শ্রীরামপুর
  • শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০২৬ ০৩:২৯

দু'দফায় সম্পন্ন হয়েছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ। এ বার অপেক্ষা ভোটগণনা এবং সরকার গঠনের। জনমত আপাতত ইভিএমের মধ্যে বন্ধ। সেগুলি সব স্ট্রং রুমে রাখা রয়েছে। কিন্তু অভিযোগ, স্ট্রং রুমের সিসি ক্যামেরা বন্ধ রাখা হয়েছে। হুগলির উত্তরপাড়া বিধানসভার স্ট্রং রুমের সিসিটিভি ক্যামেরা নিয়ে অভিযোগ করেছে তৃণমূল।

শ্রীরামপুর কলেজে ইভিএমগুলি রাখা হয়েছে। সেখানে উত্তরপাড়া-সহ আরও পাঁচটি বিধানসভার ইভিএম রাখা হয়েছে। পর্যাপ্ত নিরাপত্তারক্ষী, পুলিশ ছাড়াও তিনটি রাজনৈতিক দলের প্রতিনিধিরা সেখানে রয়েছেন। তৃণমূলের প্রতিনিধির দাবি, দীর্ঘক্ষণ এখানকার সিসি ক্যামেরা বন্ধ ছিল। অভিযোগ জানানোর পরেই স্ট্রং রুমে থাকা সিসি ক্যামেরাগুলি ঠিক করা হয়েছে। 

তৃণমূলের অভিযোগ, সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত উত্তরপাড়া বিধানসভার স্ট্রং রুমে সিসি ক্যামেরা বন্ধ ছিল। জেলা নির্বাচনী আধিকারিকের কাছে অভিযোগ জানানো হয়। তার পরেই বিকল হয়ে যাওয়া সিসি ক্যামেরা ঠিক করে দেওয়া হয়। এখন ঠিকঠাক চলছে। তবে এই দু'ই ঘন্টা কেন সিসিটিভি বন্ধ করে রাখা হল তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে তৃণমূল।

কমিশন জানিয়েছ, সিসি ক্যামেরা বিকল হয়ে পড়েছিল। তাই কাজ করছিল না। অভিযোগ পাওয়ার পরেই দ্রুত সেখানে গিয়ে সারাই করে দেওয়া হয়েছে।


Share