Assembly Election

ভোট মিটতেই রাজ‍্যে ফিরল হিংসা! পঞ্চসায়রের বিজেপির এজেন্টের অফিস এবং বাড়িতে হামলার চালানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

গড়িয়ার পঞ্চসায়রে ঘটনাটি ঘটেছে। বুধবার রাতে বিজেপি কর্মীর বাড়ি এবং অফিসে ভাঙচুর চালানো হয়েছে। সেখানে থাকা সমস্ত সিসি ক্যামেরা ভেঙে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০২৬ ০৩:২৮

ভোট মিটতেই বিজেপির কর্মীর ওপর হামলার ঘটনা ঘটেছে। অভিযোগ, গড়িয়ার পঞ্চসায়রে বিজেপি কর্মীর অফিস এবং বাড়িতে হামলা চালানো হয়েছে। এমনকী, বিজেপি কর্মীকে বাড়িতে না পেয়ে তাঁর স্ত্রীকেও হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। ওই বিজেপি কর্মীর বাড়ির পাশে থাকা আরও এক বিজেপি কর্মীর বাড়িতেও হামলা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। 

যাদবপুর বিধানসভার গড়িয়ার পঞ্চসায়র এলাকায় ঘটনাটি ঘটেছে। সেখানকার ১৫৩ নম্বর বুথের বিজেপির এজেন্ট শান্তনু সরকারের অভিযোগ, বুধবার রাতে একদল দুষ্কৃতী তাঁর নির্মাণ সামগ্রীর অফিসে ব‍্যপক ভাঙচুর চালায়। শুধু তাই নয় তাঁর বাড়িতেও হামলা চালানো হয়েছে। তাঁর গাড়িতে ভাঙচুর করা হয়েছে। এমনকী, বিজেপির বুথের এজেন্ট শান্তনুকে বাড়িতে না পেয়ে তাঁর স্ত্রীকে হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছেন। ৪ মে-র পরে তাঁদের দাওয়াই দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়েছে।

বিজেপি কর্মী শান্তনু এ-ও অভিযোগ করেন, তাঁর বাড়ি এবং অফিসের সিসি ক্যামেরা ভেঙে দেওয়া হয়েছে। তার পরেই তান্ডব চালানো হয়েছে। দুষ্কৃতীরা পরিচয় গোপন করতে শান্তনুর বাড়ির পাশের থাকা আরেক বিজেপি কর্মী প্রশান্ত ঘোষের বাড়ির সিসি ক্যামেরাও ভেঙে দেয়। প্রশান্তের পরিবারের সদস্যদেরও হুমকি দেওয়া হয়েছে। যদিও ঘটনার সময় বিজেপি কর্মী প্রশান্ত বাড়িতে ছিলেন না বলেই দাবি করা হয়েছে।

ঘটনার জন্য বিজেপি সরাসরি তৃণমূল কংগ্রেসকে দায়ী করেছে। বিজেপির দাবি, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে। তৃণমূলের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রী অনন‍্যার দাবি, তৃণমূলের কোনও কর্মী এই ঘটনায় জড়িত নয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। নতুন করে যাতে উত্তেজনা না ছড়ায় তার জন্য এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।


Share