Post Poll Violence

ভোটের ফল প্রকাশের পরেই উত্তপ্ত ভাঙড়, একাধিক হামলা-ভাঙচুরের অভিযোগ

তৃণমূলের অভিযোগ, আইএসএফ ও বিজেপির কর্মীরা হামলায় জড়িত। যদিও এই অভিযোগ অস্বীকার বা প্রতিক্রিয়া মেলেনি সংশ্লিষ্ট দলগুলির পক্ষ থেকে।

ভাঙড় মহিলা পুরুষদের উপর হামলার অভিযোগ।
নিজস্ব সংবাদদাতা, ভাঙড়
  • শেষ আপডেট: ০৫ মে ২০২৬ ১০:৩৬

ভোটের ফল প্রকাশের পরেই দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে উত্তেজনা ছড়াল। একাধিক জায়গায় ভাঙচুর ও হামলার অভিযোগ সামনে এসেছে। যার জেরে পরিস্থিতি অস্থির হয়ে ওঠে। ঘটনায় এক প্রৌঢ় গুরুতর জখম হন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তাঁকে দ্রুত কলকাতার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তৃণমূলের অভিযোগ, ভাঙড়ে জয়ী আইএসএফের নেতা-কর্মীরা রাতভর বিভিন্ন এলাকায় তান্ডব চালায়। বিশেষ করে নিমকুড়িয়া গ্রামে ভোট-পরবর্তী হিংসাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। একই সঙ্গে বেঁওতা এলাকায় এক তৃণমূল নেতার বাড়িতে ভাঙচুরের অভিযোগ উঠেছে কয়েক জন স্থানীয়দের বিরুদ্ধে। তৃণমূলের দাবি, দল করার কারণেই একটি পরিবারের উপর হামলা চালানো হয়। মহিলা-সহ পরিবারের সদস্যদের মারধর করা হয়।

মঙ্গলবার সকালে নিমকুড়িয়া গ্রামে আরও একটি ঘটনা সামনে আসে। অভিযোগ, তৃণমূলের পতাকা না খোলাকে কেন্দ্র করে এক কর্মীর বাড়িতে ঢুকে ভাঙচুর ও হামলা চালানো হয়। স্থানীয় তৃণমূল সমর্থক ফিরোজ মোল্লা জানান, আইএসএফের জয়ের পর তাঁদের ওপর হামলা হয়। তাঁর অভিযোগ, এলাকার এক বুথ সভাপতির নেতৃত্বে প্রায় পঞ্চাশ জন তাঁদের উপর চড়াও হয়। তাঁর দাদার মাথায় বন্দুকের বাট দিয়ে আঘাত করা হয়। তাঁকেও ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় বলে দাবি। তাঁর বাবার অবস্থাও আশঙ্কাজনক। তাঁকে কলকাতায় নিয়ে যাওয়া হয়েছে।

এ ছাড়াও, তৃণমূল কর্মী হাকিম আলি মোল্লা ও তাঁর স্ত্রী আয়েশা বিবির ওপর হামলার অভিযোগ উঠেছে। তাঁদের পরিবারের ছেলে ফরিদ আলি মোল্লা ও পুত্রবধূ রোজিনা বিবিকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ।

অন্য দিকে, ভাঙড়ের বেঁওতা-১ গ্রাম পঞ্চায়েতের প্রধানের বাড়িতে ভাঙচুরের অভিযোগ উঠেছে। সেখানে সিসিটিভি ক্যামেরা ভেঙে দেওয়ার কথাও জানা গিয়েছে। এই ঘটনায় বিজেপির বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে। যদিও এই সমস্ত অভিযোগের বিষয়ে এখনও পর্যন্ত বিজেপি বা আইএসএফের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুরো ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বজায় রয়েছে।


Share