Arms Case

পুরোনো অস্ত্র আইনের মামলায় অবশেষে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর শেখ আমিরুল ইসলাম, সরকার পরিবর্তন হতেই বন্দুক উদ্ধার কাণ্ডে নতুন মোড়

দক্ষিণ ২৪ পরগনার পূজালি পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের এই কাউন্সিলারকে মঙ্গলবার রাতে এনএসসিবিআই এয়ারপোর্ট থানার পুলিশ গ্রেফতার করে।

নেতাজী সুভাষচন্দ্র বোস বিমানবন্দর
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৬ মে ২০২৬ ০৪:২২

পুরোনো অস্ত্র আইনের মামলায় অবশেষে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর শেখ আমিরুল ইসলাম। দক্ষিণ ২৪ পরগনার পূজালি পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের এই কাউন্সিলারকে মঙ্গলবার রাতে এনএসসিবিআই এয়ারপোর্ট থানার পুলিশ গ্রেফতার করে। বুধবার তাকে আদালতে তোলা হবে। হেফাজতে নিয়ে জেরা করার আবেদন জানাবে পুলিশ।

ঘটনার সূত্রপাত ২০২৫ সালের ২১ সেপ্টেম্বর। সেদিন কলকাতা বিমানবন্দরে বিমান ধরতে এসে ব্যাগ স্ক্যানিংয়ের সময় তৃণমূল নেতা আমিরুলের ব‍্যাগ থেকে একটি খালি ম্যাগাজিন এবং ছ'রাউন্ড গুলি উদ্ধার হয়। অভিযুক্ত তখন দাবি করেছিলেন, এগুলির জন্য তাঁর কাছে বৈধ লাইসেন্স রয়েছে এবং তা দেখানোর জন্য সময়ও চেয়েছিলেন। জনপ্রতিনিধি হওয়ায় পুলিশ তাঁকে সাত দিনের সময় দেয়। তবে অভিযোগ, নির্ধারিত সময়ের মধ্যে তিনি কোনও বৈধ লাইসেন্স জমা দেননি। এরপরই তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়। যদিও মামলা দায়েরের পর এতদিন কেন গ্রেফতার করা হয়নি তৃণমূল নেতাকে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

উল্লেখ্য, পূজালি পুরসভা বজবজ বিধানসভা এবং ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত। সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে রাজ্যজুড়ে তৃণমূলের ভরাডুবি হলেও বজবজ কেন্দ্রে ৪৬ হাজার ৮৫০ ভোটে জয়ী হন তৃণমূল প্রার্থী অশোককুমার দেব। রাজনৈতিক পালাবদলের আবহে এই গ্রেফতারিকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।


Share