Governor of West Bengal

ভোট মিটতেই আমলাস্তরে বদল, সরানো হল পরিবহণ সচিবকে, রাজ‍্যপালের সচিবের দায়িত্বে সৌমিত্র মোহন

সোমবারই রাজ্য রাজনীতিতে পালাবদল হয়েছে। বিজেপির ঝড়ে খড়কুটোর মতো উঠে গিয়েছে তৃণমূলের দুর্গ। পশ্চিমবঙ্গে ক্ষমতা দখল করেছে বিজেপি। তার ঠিক পরের দিন সকালেই রাজ্যপালের নতুন সচিব নিয়োগের খবর প্রকাশ্যে এল।

পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর এন রবি।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৫ মে ২০২৬ ১১:০০

রাজ্যে ভোট পর্ব মিটতে না-মিটতেই আমলাস্তরে প্রথম বদলি হয়ে গেল। নতুন সচিব পেলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল আরএন রবি। রাজ্যের পরিবহণ দফতরের সচিব সৌমিত্র মোহনকে রাজ্যপালের সচিব করা হল। ২০০২ সালের এই আইএএস আধিকারিক এ বার যোগ দিচ্ছেন রাজ্যপালের সচিব পদে।

সৌমিত্র মোহন প্রায় তিন বছরের বেশি সময় ধরে পরিবহণ দফতরের সচিব পদে ছিলেন। রাজ্যে নির্বাচন ঘোষণা হওয়ার পরে প্রশাসনিক স্তরে বিভিন্ন বদল করা হলেও পরিবহণ দফতর থেকে তাঁকে সরানো হয়নি। এ বার ভোট মিটতেই রাজ্যপালের সচিব করা হল সৌমিত্রকে। গত ১২ মার্চ পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হিসাবে কলকাতার লোকভবনে আর এন রবি শপথ নেন। জানা যায়, রাজ্যপাল দায়িত্ব গ্রহণের এক সপ্তাহের মধ্যেই সচিব নিয়োগের জন্য অনুরোধ করেছিলেন সরকারকে। তৃণমূল পরিচালিত সরকার তাতে কর্ণপাত করেনি।

এর আগে সিভি আনন্দ বোস পশ্চিমবঙ্গের রাজ্যপাল থাকাকালীন নন্দিনী চক্রবর্তীকে রাজ্যপালের সচিব করা হয়েছিল। যদিও ওই নিয়োগের কিছু দিনের মধ্যেই নন্দিনীকে আবার ওই পদ থেকে সরিয়েও দেওয়া হয়েছিল। জানা যায়, রাজভবনে যাওয়ার পরেই তিনি তৎকালীন ‘শাসকদলের লোক’ হিসাবে তকমা পান। লোকভবন সূত্রে তখন জানা যায় খবর, সেই তকমার কারণেই নন্দিনীকে সরানো হয় রাজ্যপালের সচিবের পদ থেকে। মমতা ঘনিষ্ঠ নন্দিনীকে পরে অবশ্য রাজ্যের স্বরাষ্ট্রসচিব এবং আরও পরে মুখ্যসচিবও করা হয়েছিল। ভোট ঘোষণার হতেই তাঁকে ভিন রাজ‍্যের অবজার্ভার করে পাঠিয়ে দেয় নির্বাচন কমিশন। 

২০২৩ সালের ফেব্রুয়ারিতে তৎকালীন রাজ্যপাল আনন্দ বোস তাঁর প্রধান সচিবের পদ থেকে সরিয়েছিলেন নন্দিনীকে। সেই থেকে কোনও আইএএস পদের আধিকারিককে এই পদে নিয়োগ করা হয়নি। এ বার প্রায় তিন বছর পরে ফের কোনও আমলা রাজ্যপালের সচিব হিসাবে নিযুক্ত হচ্ছেন।

ঘটনাচক্রে, সোমবারই রাজ্য রাজনীতিতে পালাবদল হয়েছে। বিজেপির ঝড়ে খড়কুটোর মতো উঠে গিয়েছে তৃণমূলের দুর্গ। পশ্চিমবঙ্গে ক্ষমতা দখল করেছে বিজেপি। তার ঠিক পরের দিন সকালেই রাজ্যপালের নতুন সচিব নিয়োগের খবর প্রকাশ্যে এল। 


Share