Post Poll Violence

ভোটের ফলের দিনেই উদয়নারায়ণপুরে খুন বিজেপি সমর্থক, শুরু হয়েছে রাজনৈতিক তরজা

তৃণমূলের তরফে দাবি এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। পুলিশ সূত্রে প্রাথমিকভাবে জানা গিয়েছে, দুই পরিচিত ব্যক্তির মধ্যে বিবাদের জেরে এই ঘটনা ঘটতে পারে।

মৃত বিজেপি কর্মী যাদব বর।
নিজস্ব সংবাদদাতা, হাওড়া
  • শেষ আপডেট: ০৫ মে ২০২৬ ০৪:৫৮

উদয়নারায়ণপুরে এক বিজেপি কর্মী সমর্থকে খুন করা হয়েছে। এই ঘটনা ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। মৃতের নাম যাদব বর (৪৫)। সোমবার রাতে দেবীপুর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ মানশ্রী এলাকায় এই ঘটনাটি ঘটে। খবর পেয়ে উদয়নারায়ণপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয়। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

সোমবার ছিল ভোটের ফলপ্রকাশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন ভোটের ফল প্রকাশের পর এলাকায় কিছু যুবক আনন্দ উদযাপন করছিলেন। সেই সময় যাদব বরও সেখানে উপস্থিত ছিলেন। পরে তিনি বাড়ি ফিরে যান। অভিযোগ, বাড়ি থেকে কিছুটা দূরে তিনি স্নান করতে যান। তখনই আচমকা কয়েকজন ব্যক্তি তাঁর উপর হামলা চালায়। রড দিয়ে মাথায় আঘাত করা হয় বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। বিজেপির দাবি, যাদব বর তাদের সমর্থক ছিলেন। রাজনৈতিক কারণেই এই হামলা। অন্য দিকে, তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে। তাদের দাবি, এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই।পুলিশ সূত্রে প্রাথমিকভাবে জানা গিয়েছে, দুই পরিচিত ব্যক্তির মধ্যে বিবাদের জেরে এই ঘটনা ঘটতে পারে। তবে সমস্ত দিক খতিয়ে দেখে তদন্ত চালানো হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। ঘটনায় জড়িতদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।


Share