Post Poll Violence

নিউ টাউনে বিজেপির মিছিলে তৃণমূলের হামলা, বিজেপি কর্মীকে পিটিয়ে খুন, থানার সামনে বিক্ষোভ, গ্রেফতার আট জন

পীযূষ আরও বলেন, “বিদায়বেলায় যে সমস্ত তৃণমূলীরা এলাকায় নিজের নাম ফাটানোর জন্য এ সব কাজ করছেন তাঁরা সতর্ক হয়ে যান। আবার বলছি, সতর্ক হয়ে যান। সাতদিন সময় দিলাম। ঘটনা যদি পুনরাবৃত্তি হয় তাহলে কিন্তু অ‍্যাকশন শুরু হয়ে যাবে। তখন কিন্তু দোষ দেবেন না।”

মৃত বিজেপি কর্মীর নাম মধু মন্ডল।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৫ মে ২০২৬ ০৯:২৯

পরাজয়ের পরেও তৃণমূলের হিংসাত্মক আক্রমণ অব্যাহত। এ বার নিউ টাউনে বিজেপি কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে। সেখানে বিজেপির বিজয় মিছিলে কিছু তৃণমূল কর্মী হামলা চালিয়েছে। সেখানেই ওই বিজেপি কর্মীকে পিটিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। প্রতিবাদে থানা সামনে বিজেপি কর্মীরা বিক্ষোভ করেন। বিক্ষোভ প্রশমিত করতে পুলিশ লাঠিচার্জ করেছে। 

মৃত বিজেপি কর্মীর নাম মধু মন্ডল। মঙ্গলবার বিকেলে নিউ টাউনের বালিগুড়ি এলাকার ঘটনাটি ঘটেছে। এ দিন বিজেপির জেতার আনন্দে ওই এলাকায় দলীয় কর্মীরা বিজয় মিছিল করছিলেন। সেই সময় কয়েক জন তৃণমূল কর্মী সেই মিছিলে হামলা চালায়। মধু মন্ডল নামে ওই তৃণমূল কর্মীকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর হয়েছে বলে দাবি করা হয়েছে। গুরুতর জখম অবস্থায় নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে মধুকে মৃত বলে ঘোষণা করা হয়। ইতিমধ্যেই থানায় খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্তে নেমে পুলিশ আট জনকে গ্রেফতার করেছে। তাঁর ময়নাতদন্ত করা হবে।

এর পরেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের গ্রেফতারির দাবিতে টেকনো সিটি থানার বাইরে পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে বিজেপি বিক্ষোভ দেখান। পুলিশের সঙ্গে বেশ কিছু ক্ষণ বচসা চলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করেছে। নতুন করে যাতে উত্তেজনা না ছড়ায় তার জন‍্য থানার সামনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।

এর পরেই ঘটনাস্থলে পৌঁছোন রাজারহাট-নিউ টাউনের নবনির্বাচিত বিজেপি প্রার্থী পিযূষ কানোরিয়া। তিনি সেখানে গিয়ে মৃত বিজেপি কর্মীর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন। পীযূষ বলেন, “আজই বিধায়ক হিসেবে নির্বাচিত হলাম। চার ঘন্টা কাটেনি, এক ভাইয়ের গলায় মালা দিতে হচ্ছে। এর চেয়ে দুঃখজনক আর কি হতে পারে। তা সত্ত্বেও এলাকার গরম করার রাজনীতি করব না। যারা এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছে তাঁদের কাউকেই ছাড় দেওয়া হবে না।”

পীযূষ আরও বলেন, “বিদায়বেলায় যে সমস্ত তৃণমূলীরা এলাকায় নিজের নাম ফাটানোর জন্য এ সব কাজ করছেন তাঁরা সতর্ক হয়ে যান। আবার বলছি, সতর্ক হয়ে যান। সাতদিন সময় দিলাম। ঘটনা যদি পুনরাবৃত্তি হয় তাহলে কিন্তু অ‍্যাকশন শুরু হয়ে যাবে। তখন কিন্তু দোষ দেবেন না।”


Share