Mob Lynching

কুলতলিতে ছেলেধরা সন্দেহে গণপিটুনি, মৃত্যু ভিনরাজ্যের যুবকের, গ্রেফতার দুই নাবালক-সহ সাতজন

পুলিশ সূত্রে খবর, কাজের সূত্রে ওই যুবক কুলতলিতে এক পরিচিত ব্যক্তির বাড়িতে এসেছিলেন। গত ৯ জুন সকালে তিনি স্থানীয় একটি বাজারে যান।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, কুলতলি
  • শেষ আপডেট: ১৪ জুন ২০২৬ ০২:৫৭

ভিন রাজ্যের যুবককে ছেলেধরা সন্দেহে পিটিয়ে মারার অভিযোগ উঠেছে। দক্ষিণ ২৪ পরগনার কুলতলি থানার সানকিজাহান এলাকায় ঘটনাটি ঘটেছে। ঘটনায় পুলিশ সাতজনকে গ্রেফতার করেছে। তাদের মধ্যে দু'জন নাবালকও রয়েছে। গুরুতর আহত অবস্থায় যুবকটিকে হাসপাতালে ভর্তি করা হয়। এখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত যুবকের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। তবে তিনি কেরালার বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। 

পুলিশ সূত্রে খবর, কাজের সূত্রে ওই যুবক কুলতলিতে এক পরিচিত ব্যক্তির বাড়িতে এসেছিলেন। গত ৯ জুন সকালে তিনি স্থানীয় একটি বাজারে যান। স্বাভাবিকভাবেই এলাকাটি তাঁর অপরিচিত। তাই ভুলবশত তিনি অন্য একটি পাড়ায় ঢুকে পড়েন। সেই সময় স্থানীয়রা তাঁকে উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করতে দেখে। ফলত তাঁদের একাংশের বিষয়টিতে সন্দেহ হয়। অভিযোগ, এরপরই তাঁকে ছেলেধরা সন্দেহে মারধর করা হয়।

ঘটনার খবর পেয়ে কুলতলি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয়। গুরুতর জখম অবস্থায় ওই যুবককে উদ্ধার করা হয়। তাঁকে জয়নগর-কুলতলি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।যুবকের সম্পূর্ণ পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে। ঘটনার তদন্তে নেমে পুলিশ একটি ভিডিও ফুটেজও হাতে পেয়েছে। সেই সূত্র ধরেই ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাতজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে। পাশাপাশি এই ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কি না, তাও পুলিশ খতিয়ে দেখছে।


Share