Bank Fraud

বিধবা ভাতার খোঁজে ব্যাঙ্ক অ্যাকাউন্টে মিলল প্রায় ৩২ কোটি টাকা! হতবাক পূর্ব বর্ধমানের ঝুমা দাস, থানায় অভিযোগ দায়ের

ব্যাঙ্ক কর্তৃপক্ষ তাঁকে জানান, এটি প্রযুক্তিগত কারণে হয়েছে। পরে তাঁকে নতুন পাসবই দেওয়া হলে সেই পাসবইয়ে ১ জুলাই থেকে ২১ জুলাই পর্যন্ত কোনও লেনদেনের তথ্য উল্লেখ ছিল না বলে অভিযোগ।

বিধবা ভাতার একাউন্টে প্রায় ৩২ কোটি টাকা।
নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমান
  • শেষ আপডেট: ০৪ আগস্ট ২০২৬ ০৬:৩৪

বিধবা ভাতার টাকা এক কোটি। সবমিলিয়ে ব্যাঙ্কে রয়েছে ৩২ করি টাকা। এমনই ঘটনা দেখা পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের বাসিন্দা ঝুমা দাসের ব্যাঙ্ক একাউন্টে। বিধবা ভাতার টাকা দীর্ঘদিন ধরে অ্যাকাউন্টে ঢোকেনি। তাই ব্যাঙ্কে গিয়েছিলেন ঝুমা দাস। পাসবই আপডেট করেন। আপডেটের পর তিনি কার্যত স্তম্ভিত হয়ে যান। তাঁর অ্যাকাউন্টে প্রায় ৩২ কোটি টাকা জমা রয়েছে বলে উল্লেখ ছিল।

মঙ্গলকোটের লাখুরিয়া গ্রাম পঞ্চায়েতের আটঘরা গ্রামের বাসিন্দা ঝুমা দাস। বহু বছর আগে তিনি স্বামীকে হারিয়েছেন। বর্তমানে পরিচারিকার কাজ করেন। বিধবা ভাতার টাকার উপর নির্ভর করেই তাঁর সংসার চলে। টানা তিন মাস ভাতার টাকা পাননি। তাই সোমবার তিনি রাষ্ট্রায়ত্ত একটি ব্যাঙ্কের শাখায় পাসবই আপডেট করাতে যান।

পাসবইয়ে দেখা যায়, গত ৪ জুলাই বিধবা ভাতা বাবদ এক কোটি টাকা জমা পড়েছে বলে উল্লেখ রয়েছে। পাশাপাশি আরও একটি এন্ট্রিতে ৩১ কোটি ৯৭ লক্ষ ৩৭ হাজার ১৯৭ টাকা জমার তথ্য দেখা যায়। সব মিলিয়ে অ্যাকাউন্টে প্রায় ৩২ কোটি টাকার হিসাব দেখে ঝুমা হতবাক হয়ে যান।

বিষয়টি জানাজানি হতেই তিনি বাড়ি ফিরে প্রতিবেশীদের জানান। পরে মঙ্গলকোট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এরপর বোনপোকে সঙ্গে নিয়ে আবার ব্যাঙ্কে যান। কর্তৃপক্ষ তাঁকে জানান, এটি প্রযুক্তিগত বা কম্পিউটারজনিত ত্রুটির কারণে হয়েছে। পরে তাঁকে নতুন পাসবই দেওয়া হলেও ঝুমার অভিযোগ, সেই পাসবইয়ে ১ জুলাই থেকে ২১ জুলাই পর্যন্ত কোনও লেনদেনের তথ্য উল্লেখ ছিল না।

ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


Share