Rahul Gandhi

জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম কোর্টের পথে রাহুল-প্রিয়ঙ্কারা, শীর্ষ আদালতে পিটিশন দায়ের কংগ্রেসের

জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে দিল্লিতে ‘সুপ্রিম কোর্ট চলো’ কর্মসূচি পালন বিরোধীদের। প্রধান বিচারপতির পরামর্শে কংগ্রেসের আইনি দল সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করে।

জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে দিল্লিতে ‘সুপ্রিম কোর্ট চলো’ কর্মসূচিতে রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধী বঢরা-সহ বিরোধী নেতারা।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১২ অক্টোবর ২০২৬ ০৭:৪৪

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে ফের পথে বিরোধীরা। সোমবার ‘সুপ্রিম কোর্ট চলো’ কর্মসূচিকে কেন্দ্র করে দিল্লিতে উত্তেজনা ছড়ায়। কংগ্রেস-সহ বিরোধী জোট ‘ইন্ডিয়া’র নেতাদের নেতৃত্বে মিছিলে শামিল হন হাজার হাজার কর্মী। রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধী বঢরা, মল্লিকার্জুন খাড়্গে এবং নেহা বোরারাও কর্মসূচিতে অংশ নেন। অন্যদিকে, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সোমবার বিকেল সাড়ে ৪টে নাগাদ সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের করে কংগ্রেসের আইনি উপদেষ্টাদল।

সোমবার দুপুরে দিল্লির কনস্টিটিউশন ক্লাব থেকে বাসে চেপে যাত্রা শুরু করেন বিরোধী নেতারা। বারাখম্বার কাছে বাস থেকে নেমে তাঁরা কর্মীদের সঙ্গে হাঁটতে শুরু করেন। পরে ভগবান দাস মার্গে আটকে দেওয়া হয় মিছিল। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন বিরোধীরা। কিন্তু তাঁদের সেই আবেদন খারিজ করে প্রধান বিচারপতি পিটিশন দায়েরের পরামর্শ দেন।

সূত্রের খবর, প্রধান বিচারপতি জানিয়েছেন, সংশ্লিষ্ট অভিযোগ নিয়ে মামলা ইতিমধ্যেই বিচারাধীন থাকায় আদালতের বাইরে তা নিয়ে আলোচনা সম্ভব নয়। এ ধরনের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ করা আদালতের প্রশাসনিক এক্তিয়ারেও পড়ে না। তবে সংবিধানের ৩২ নম্বর অনুচ্ছেদ-সহ অন্যান্য ধারায় বিচারবিভাগীয় পর্যালোচনার সুযোগ রয়েছে। নিয়ম মেনে আবেদন করা হলে তা বিবেচনা করা হবে বলেও জানান তিনি।

সাংবাদিকদের প্রধান বিচারপতি বলেন, চিঠি পেয়েই তিনি জবাব দিয়েছেন। সাধারণ নাগরিক থেকে নির্বাচিত জনপ্রতিনিধি-সকলের জন্যই সুপ্রিম কোর্টের দরজা খোলা।

এর আগে দিল্লির কংগ্রেস দফতরে সাংবাদিক বৈঠকে রাহুল দাবি করেন, জ্ঞানেশ কুমার চাপে রয়েছেন। তাঁর আরও অভিযোগ, মোদী সরকারের অন্তত ২০০ জন আধিকারিক বিরোধীদের সঙ্গে যোগাযোগ রেখে তথ্য দিচ্ছেন। প্রায় ৫০ শতাংশ পুলিশ আধিকারিকও বিরোধীদের আন্দোলনকে সমর্থন করছেন বলে দাবি করেন তিনি।

এদিকে, নিরাপত্তার কারণে দিল্লিতে মোতায়েন রয়েছে ২০ হাজার আধাসেনা। আগামী এক মাস এই ব্যবস্থা বহাল থাকার কথা। সোমবারও বন্ধ রাখা হয় দিল্লির ছ’টি মেট্রো স্টেশন, বিকেল ৫টা পর্যন্ত।


Share