WB Police Recruitment 2026

পুজোর আগেই বড় নিয়োগ রাজ্য পুলিশে! ১১,৫৯৩ জন কনস্টেবল নির্বাচিত, ১৭ অক্টোবর থেকেই ডিউটির পরিকল্পনা

রাজ্য পুলিশে ১১,৫৯৩ জন কনস্টেবল নির্বাচিত হয়েছেন। আপাতত ১০,২৩৫ জনকে নিয়োগপত্র দেওয়া হবে। প্রশাসনিক সূত্রে খবর, আগামী ১৭ অক্টোবর থেকেই নতুন পুলিশকর্মীদের পুজোর ডিউটিতে পাঠানোর পরিকল্পনা রয়েছে।

শুভেন্দু অধিকারী।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১২ অক্টোবর ২০২৬ ০৪:২৯

রাজ্য পুলিশে কনস্টেবল পদে ১১ হাজার ৫৯৩ জনকে নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন হল। সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে নির্বাচিত প্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে পুলিশবাহিনীকে আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি। সেই লক্ষ্যেই এই নিয়োগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। পুজোর ডিউটিতেও নবনিযুক্ত পুলিশকর্মীদের ব্যবহার করার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি। পাশাপাশি বিভিন্ন থানায় উচ্চপদস্থ আধিকারিক ও ক্লার্ক নিয়োগের পরিকল্পনার কথাও জানান মুখ্যমন্ত্রী। শীঘ্রই এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে বলে খবর।

রাজ্য পুলিশে মোট ১১ হাজার ৭৪৯টি কনস্টেবল পদে নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছিল। গত ২৪ সেপ্টেম্বর ১১ হাজার ৫৯৩ জনের চূড়ান্ত মেধাতালিকা প্রকাশিত হয়। নির্বাচিতদের মধ্যে ৮ হাজার ২১২ জন পুরুষ এবং ৩ হাজার ৩৮১ জন মহিলা। তবে রাজ্য পুলিশের ডিজিপি জানিয়েছেন, আপাতত ১০ হাজার ২৩৫ জনের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে। তাঁর দাবি, বর্তমানে রাজ্য পুলিশে প্রায় ৩২ হাজার পদ শূন্য রয়েছে। সেই শূন্যপদ পূরণে আরও নিয়োগের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রীও।

আগামী ১৭ অক্টোবর থেকে নবনিযুক্তদের ডিউটিতে পাঠানোর পরিকল্পনা রয়েছে। প্রাথমিকভাবে দায়িত্ব পালনের পর তাঁদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। কোন পুলিশ জেলা বা কমিশনারেটে তাঁদের মোতায়েন করা হবে, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরিকল্পনা অনুযায়ী ঠিক হবে। উৎসবের মরসুমে আইনশৃঙ্খলা রক্ষার কাজে নতুন কর্মীদের কাজে লাগাতে চাইছে প্রশাসন।

পুলিশবাহিনীর পরিকাঠামো উন্নয়নেও একাধিক পদক্ষেপের কথা জানানো হয়েছে। মহিলা পুলিশকর্মীদের জন্য পিঙ্ক আরটি মোবাইল ও পিঙ্ক সাপোর্ট মোবাইল দেওয়ার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ট্রাফিক পুলিশের হাতে ৩ হাজার ৫০০টি বডি ক্যামেরা তুলে দেওয়ার কথাও জানিয়েছেন ডিজিপি।

নবনিযুক্ত পুলিশকর্মীদের উদ্দেশ্যে ডিজিপি বলেন, পুলিশের পোশাকের সঙ্গে সাধারণ মানুষের প্রত্যাশাও জড়িয়ে থাকে। তাই আইন মেনে চলা এবং আইনের প্রতি নিষ্ঠাবান থাকাই তাঁদের প্রধান কর্তব্য। অনুষ্ঠানে নতুন কর্মীদের শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী।
 


Share