Abhishek Banarjee

ক্যামাক স্ট্রিটকাণ্ডে অভিষেককে পুলিশের তলব, সোমবার সকাল ১০টায় হাজিরার নির্দেশ, ই-মেল করে ৪৮ ঘণ্টা সময় চাইলেন তৃণমূল সাংসদ

তবে নির্ধারিত সময়ের আগেই পুলিশকে ই-মেল করে ৪৮ ঘণ্টা সময় চাইলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, ব্যক্তিগতভাবে হাজিরার জন্য আরও দু’দিন সময় চেয়ে আবেদন জানিয়েছেন তিনি।

অভিষেক বন্দ্যোপাধ্যায়
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১২ অক্টোবর ২০২৬ ০১:২০

ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের সামনে বেআইনি বিলবোর্ড খোলাকে কেন্দ্র করে গোলমালের ঘটনায় তৃণমূল সাংসদকে তলব করেছিল শেক্সপিয়র সরণি থানার পুলিশ। সোমবার সকাল ১০টায় তাঁকে থানায় হাজিরা দিতে বলা হয়েছিল। তবে নির্ধারিত সময়ের আগেই পুলিশকে ই-মেল করে ৪৮ ঘণ্টা সময় চাইলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, ব্যক্তিগতভাবে হাজিরার জন্য আরও দু’দিন সময় চেয়ে আবেদন জানিয়েছেন তিনি।

গত ২৭ অগস্ট ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসের সামনে বেআইনি বিলবোর্ড খোলাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। ওই ঘটনায় পুলিশ ও পুরকর্মীদের মারধরের অভিযোগ ওঠে। ঘটনার তদন্তে নেমে শেক্সপিয়র সরণি থানার পুলিশ তিনটি মামলা রুজু করে। প্রথমে ১৩ জনকে গ্রেফতার করা হয়। এবার পুরসভার দায়ের করা একটি মামলার সূত্রেই অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ।

এই মর্মে গত রবিবার অভিষেকের কালীঘাটের বাড়িতে নোটিস দিতে যায় শেক্সপিয়র সরণি থানার পুলিশ। সোমবার সকাল ১০টার মধ্যে থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল তাঁকে। কিন্তু সেই সময়সীমার আগেই ই-মেল করে ৪৮ ঘণ্টা সময় চেয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

এর আগেও একই ঘটনায় অভিষেকের বাড়িতে গিয়েছিল পুলিশ। গত বুধবার, ৭ অক্টোবর তাঁকে নোটিস দিতে কালীঘাটের বাড়িতে পৌঁছন পুলিশকর্মীরা। তবে অভিষেক বাড়িতে না থাকায় সেদিন নোটিস দেওয়া সম্ভব হয়নি বলে পুলিশ সূত্রে জানা যায়। সেই সময় তিনি দিল্লিতে ছিলেন বলে খবর।

এদিকে, সূত্রের খবর, সোমবার দিল্লিতে ইন্ডিয়া জোটের সুপ্রিম কোর্ট অভিযান কর্মসূচিতে যোগ দিতে যেতে পারেন অভিষেক। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বর্তমানে দিল্লিতে রয়েছেন। ফলে পুলিশের তলব এবং অভিষেকের সময় চেয়ে আবেদন ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে।


Share