Fire Incident

সাতসকালে শিমুরালি সরকারি বিটি কলেজে অগ্নিকাণ্ড! পুড়ে ছাই লাইব্রেরির গুরুত্বপূর্ণ বই ও নথি

দমকলের প্রাথমিক অনুমান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। এখন পর্যন্ত হতাহতর কোন খবর নেই।

আগুন নেভাতে তৎপর দমকলকর্মীরা।
নিজস্ব সংবাদদাতা, চাকদহ
  • শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২৬ ১২:০০

সাতসকালে অগ্নিকাণ্ড। নদিয়ার চাকদহে একটি বিটি কলেজের লাইব্রেরিতে ভয়াবহ আগুন লাগে। বুধবার সকালে শিমুরালি শচীনন্দন কলেজ অফ এডুকেশনের লাইব্রেরি ভবন থেকে এক কর্মী ধোঁয়া বেরোতে দেখেন। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়। তড়িঘড়ি দমকল ও পুলিশকে খবর দেওয়া হয়। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে এই ঘটনায় বেশ কিছু গুরুত্বপূর্ণ বই ও নথি পুড়ে নষ্ট হয়েছে। স্বস্তির বিষয়, এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই।

কলেজ সূত্রে জানা গিয়েছে, বুধবার সকাল সাড়ে ৭টা নাগাদ লাইব্রেরি ভবন থেকে প্রথম ধোঁয়া বেরোতে দেখেন এক কর্মী। সঙ্গে সঙ্গে তিনি কলেজের অন্য কর্মী ও কর্তৃপক্ষকে বিষয়টি জানান। খবর পেয়ে দ্রুত চাকদহ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছোয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ-সহ শিক্ষক ও শিক্ষাকর্মীরাও সেখানে উপস্থিত হন।

দমকলের প্রাথমিক অনুমান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে আগুন নিয়ন্ত্রণে এলেও ঘন কালো ধোঁয়ায় লাইব্রেরির ভিতর ঢোকা সম্ভব হয়নি। ফলে ক্ষয়ক্ষতির সম্পূর্ণ হিসাব এখনও পাওয়া যায়নি। কলেজ কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, অগ্নিকাণ্ডে বেশ কিছু গুরুত্বপূর্ণ বই ও নথি নষ্ট হয়েছে। মোট ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানতে তদন্তের দিকেও নজর রয়েছে।


Share