Drowning

বেআইনি বালি তোলার জেরে বিপত্তি! বৌভাতের আনন্দ বদলে গেল বিষাদে, অজয় নদে স্নান করতে নেমে মৃত্যু মামা-ভাগ্নির

এই মৃত্যুর জন্য অজয় নদে বেআইনি বালি তোলাকেই দায়ী করছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, আগে অবৈধ ভাবে বালি তোলার ফলে রসুইয়ের কাছে নদের বুকে একাধিক গভীর গর্ত তৈরি হয়েছে, যা এখন রীতিমতো মরণফাঁদ হয়ে দাঁড়িয়েছে।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমান
  • শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২৬ ০২:৩৮

বুধবার বাড়ির মেয়ের বিয়ে মিটেছিল। আর শুক্রবার ছিল বৌভাতের অনুষ্ঠান। আত্মীয়-স্বজনে ভরে উঠেছিল বাড়ি। কিন্তু সেই আনন্দ নিমেষেই শোকের ছায়ায় ঢেকে গেল। অজয় নদে স্নান করতে গিয়ে মৃত্যু হল সম্পর্কে মামা-ভাগ্নি দুই কিশোর-কিশোরীর। পূর্ব বর্ধমানের কেতুগ্রামের রসুই গ্রামে শুক্রবার ঘটনাটি ঘটেছে । গোটা এলাকায় শোকের পরিবেশ তৈরি হয়েছে, ফিকে হয়ে গিয়েছে বৌভাতের অনুষ্ঠান। পাশাপাশি বাতিল করা হয়েছে গ্রামের নির্ধারিত ফুটবল ম্যাচও।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, মৃত দু’জনের নাম অঙ্কিত ঘোষ (১৫) ও কিরণ ঘোষ (১৪)। অঙ্কিত নবম শ্রেণিতে পড়ে। কিরণ সপ্তম শ্রেণিতে। অঙ্কিত কেতুগ্রামের রসুই গ্রামেরই বাসিন্দা ছিল। আর কিরণ এসেছিল দেওয়ানদিঘি থানার মালকিতা গ্রাম থেকে। রসুই গ্রামের বাসিন্দা দেবরাজ ঘোষের মেয়ের বিয়ে উপলক্ষে পরিবারের সদস্যদের সঙ্গে তাঁরা সেখানে এসেছিল। শুক্রবার দুপুরে পরিবারের প্রায় দশজন মিলে অজয় নদে স্নান করতে যান।

জানা গিয়েছে, অঙ্কিত ও কিরণ-সহ চারজন জলে নামতেই অসাবধানে গভীর খাদে তলিয়ে যেতে থাকেন। উপস্থিত অন্যদের চেষ্টায় দু’জনকে কোনওক্রমে তুলে আনা গেলেও, অঙ্কিত ও কিরণের খোঁজ মেলেনি। অনেক খোঁজাখুঁজির পর বিকেলের দিকে দু’জনকে উদ্ধার করা হয়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁদের মৃত বলে জানান।

অঙ্কিতের দাদা ইন্দ্রনীল ঘোষ ঘটনার বিবরণ দিয়ে বলেন, “প্রথমে অঙ্কিত জলে তলিয়ে যাচ্ছিল। ওকে বাঁচাতে গিয়ে কিরণও ঝাঁপ দেয়, তার পর ও-ও ডুবে যায়। আমি গামছা এগিয়ে দিয়ে বাঁচানোর চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি।”

এই ঘটনায় দুই পরিবারেই কান্নার রোল উঠেছে। ম্লান হয়ে গিয়েছে বৌভাতের উৎসব, বন্ধ রাখা হয়েছে গ্রামের ফুটবল ম্যাচ। এদিকে, এই মর্মান্তিক মৃত্যুর জন্য অজয় নদে বেআইনি বালি তোলাকেই দায়ী করছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, আগে অবৈধ ভাবে বালি তোলার ফলে রসুইয়ের কাছে নদের বুকে একাধিক গভীর গর্ত তৈরি হয়েছে, যা এখন রীতিমতো মরণফাঁদ হয়ে দাঁড়িয়েছে।


Share