Weather Update

উত্তুরে হাওয়ায় শীতের আমেজ, সাগরে নতুন করে ঘূর্ণাবর্তের ইঙ্গিত, আগামী দুদিন সামান্য বাড়তে পারে তাপমাত্রা

আগামী দুদিন বিভিন্ন জেলায় তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। অন্যদিকে, ২৯ নভেম্বর আন্দামান সাগরের কাছে নতুন ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২৬ ১০:৩৮

রাজ্যজুড়ে বইছে উত্তুরে হিমেল বাতাস। এর প্রভাবে বেশ কিছুটা শীতের আমেজ অনুভূত হচ্ছে। তবে আগামী দুদিন বিভিন্ন জেলায় তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে আভাস। আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। অন্যদিকে, আগামীকাল ২৯ নভেম্বর আন্দামান সাগরের কাছে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। 

আগামীকাল ২৯ নভেম্বর আন্দামান সাগরের কাছে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে, যা পরবর্তীতে বঙ্গোপসাগরে নিম্নচাপ ক্ষেত্র তৈরি করতে পারে। এ ছাড়া ডিসেম্বরের শুরুতে বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপের ইঙ্গিত রয়েছে, তবে এর সরাসরি প্রভাব বঙ্গে পড়ার সম্ভাবনা নেই। পাশাপাশি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে এবং কেরল ও গুজরাটে আরও দুটি ঘূর্ণাবর্ত রয়েছে।

শনিবার রাজ্যে শীতের আমেজ বজায় থাকলেও আগামী দুদিন বিভিন্ন জেলায় তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। আগামী দুদিন বেশ কিছু জেলায় সকালে হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে যাবে। দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।

তাপমাত্রা কমে যাওয়ায় উত্তরবঙ্গে সকাল থেকেই কুয়াশার দাপট বেশি থাকতে পারে। আগামী দুদিন উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে। তবে পার্বত্য এলাকায় কুয়াশার প্রভাব বেশি থাকবে। আজ সব জেলায় আবহাওয়া শুষ্ক ও আকাশ পরিষ্কার থাকবে। আগামী ৭ দিন উত্তরবঙ্গের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। প্রায় একই রকম থাকবে।

আজও কলকাতার পারদ ১৭ ডিগ্রি সেলসিয়াসের ঘরেই রয়েছে। বইছে হালকা উত্তুরে হাওয়া এবং আবহাওয়া পুরোপুরি শুষ্ক। আগামী ৪৮ ঘণ্টায় শহরের সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বেড়ে ১৭ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। আগামী সাতদিন কলকাতায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৯ ডিগ্রি সেলসিয়াস এবং গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৬০ থেকে ৯৭ শতাংশ।


Share