Bangladeshi Arrested

এসআইআরের তথ‍্য যাচাই করতে গিয়ে নিমতায় ধরা পড়ল বাংলাদেশি পরিবার! গ্রেফতার তিন জন, উদ্ধার বিদেশি ভোটার কার্ড

বাংলাদেশি পরিবারের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ, যাদের কাছ থেকে বাংলাদেশের ভোটার কার্ড মিলেছে। ধৃতদের দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু করতে বিষয়টি ফরেন রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসে জানিয়েছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, নিমতা
  • শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২৬ ০২:৪৫

এসআইআরের তথ্য সংগ্রহ করতে গিয়ে পুলিশের জালে বাংলাদেশি পরিবার। এক মহিলা-সহ তিন জনকে নিমতার বড়ফিঙা এলাকা থেকে গ্রেফতার করা হয়। তিন জনই বাংলাদেশ থেকে অবৈধ ভাবে ভারতে এসেছে। নথি খতিয়ে দেখতে গিয়েই বিষয়টি পুলিশের নজর আসে। তাদের হেফাজতে নেওয়া হয়েছে। 

ভবানী ভবনের নির্দেশে এসআইআর-এর তথ্য সংগ্রহ করতে পুলিশ বাড়ি বাড়ি যাচ্ছে। শুক্রবার নিমতা থানার বড়ফিঙা এলাকায় তথ্য সংগ্রহ করতে গিয়ে যান কয়েক জন পুলিশকর্মী। ওই পরিবারকে দেখে পুলিশের সন্দেহ হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পরেই তথ্যগুলি পুলিশের নজরে আসে। 

ধৃতদের নাম— লিয়াকত আলি মোল্লা, স্ত্রী নার্গিস বিবি ও ছেলে হুমায়ুন কবীর মোল্লা। তিন জনই বাংলাদেশের খুলনা জেলার বাসিন্দা। ধৃতদের কাছ থেকে বাংলাদেশের ভোটার কার্ড পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন ব‍্যারাকপুর পুলিশ কমিশনারেটের এক কর্তা। বাংলাদেশের নাগরিক হলেও প্রয়োজনীয় নথি ছাড়াই ভারতে প্রবেশ করেছিল তারা। গত ২০ বছর ধরে নিমতা এলাকায় থাকছিল তারা। সম্প্রতি একটি বাড়ি ভাড়া করে থাকছিল।

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, অভিযুক্তেরা অবৈধ ভাবেই ভারতে প্রবেশ করেছিল। পুলিশ বিষয়টি ফরেন রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসকে জানিয়েছে। তিন জনকে দেশে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করবে তাঁরা। 

উল্লেখ্য, রাজ‍্য পুলিশের ডিজি (আইনশৃঙ্খলা) অজেয়মুকুন্দ রানাডে গত ২৩ নভেম্বর একটি নির্দেশিকা জারি করেছেন। সেই নির্দেশিকা অনুযায়ী, কাদের নাম ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে, কারা নতুন নাম অন্তর্ভুক্ত হয়েছেন, কারা ট্রাইবুনালে নাম নথিভুক্তের আবেদন জানিয়েছেন— তাঁদের তথ‍্য সংগ্রহ করতে নির্দেশ দেওয়া হয়েছে। একটি নির্দিষ্ট ওয়েবসাইট থেকে তথ‍্য ডাউনলোড করতেও বলা হয়েছে। পাশাপাশি একটি একটি ভিডিয়ো কনফারেন্সে যা যা নির্দেশ দেওয়া হয়েছে তা মেনে চলতে বলা হয়েছে। সেই নির্দেশের সঙ্গে পাওয়া তথ‍্য বিশ্লেষণ করতে বলা হয়েছে। আগামী ৩০ নভেম্বর সেই রিপোর্ট পাঠাতে বলা হয়েছে। ২৯৪টি বিধানসভায় এই তথ‍্য সংগ্রহের দায়িত্ব দেওয়া হয়েছে। রিপোর্ট জমা দিতে কোনও বিলম্ব করা যাবে না বলেও জানানো হয়েছে। এই কাজকে সর্বাধিক গুরুত্ব দিয়ে করতে নির্দেশ দিয়েছে ভবানী ভবন। সেই কাজ চলাকালীন বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সন্ধান মিলল। 


Share