Fire Incident

ই-রিকশার ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিপত্তি! দিল্লিতে বাড়িতে আগুন, মৃত ৪, গুরুতর আহত ২

পুলিশ সূত্রে খবর, রবিবার ভোরে বিশ্বাসনগরের ১১ নম্বর লেনের একটি বাড়িতে আচমকাই আগুন ছড়িয়ে পড়ে। ভোর ৪টে ১৫ মিনিট নাগাদ দমকলের কাছে খবর যায়।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
  • শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০২৬ ১০:১৩

দিল্লিতে বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু হল চারজনের। রবিবার ভোরে শাহদারা জেলার বিশ্বাসনগর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঘটনায় আরও দু’জন গুরুতর আহত হয়েছেন। প্রাথমিক অনুমান, বাড়িতে ই-রিকশার ব্যাটারি চার্জ দেওয়ার সময় শর্ট সার্কিট থেকেই আগুন লাগে।

পুলিশ সূত্রে খবর, রবিবার ভোরে বিশ্বাসনগরের ১১ নম্বর লেনের একটি বাড়িতে আচমকাই আগুন ছড়িয়ে পড়ে। ভোর ৪টে ১৫ মিনিট নাগাদ দমকলের কাছে খবর যায়। খবর পেয়েই চারটি ইঞ্জিন নিয়ে দমকলকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছোন। প্রায় ৫টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরাও খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয়।

পুলিশ জানিয়েছে, অগ্নিকাণ্ডে পুড়ে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় দু’জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তাঁদের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বাড়ির ভিতরে একটি ই-রিকশার ব্যাটারি চার্জ দেওয়া হচ্ছিল। সেই সময় চার্জিং পয়েন্টে শর্ট সার্কিট হয়ে আগুন লাগে। যদিও অগ্নিকাণ্ডের পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। শাহদারার ডেপুটি পুলিশ কমিশনার রাজেন্দ্র প্রসাদ মিনা জানিয়েছেন, পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে।


Share