Accident

মেয়ের সাফল্যের পরদিনই ছাদে মর্মান্তিক দুর্ঘটনা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু মায়ের

শনিবার সকালে রামপুরহাটের হাসপাতাল পাড়ায় লোহার রড সরাতে গিয়ে ১১ হাজার ভোল্টের তারে স্পৃষ্ট হন তিনি। আর মেয়েকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হন দিদা মঞ্জু ঘোষ।

বাড়ির ছাদে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল মায়ের।
নিজস্ব সংবাদদাতা, রামপুরহাট
  • শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২৬ ০৬:৫৪

ডাক্তারি পড়ুয়া মেয়ের সাফল্যের আনন্দ চাপা পড়ে গেল গভীর শোকে। দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হওয়ার খবরে পরিবারে খুশির হাওয়া বইছিল। তার ২৪ ঘণ্টার মধ্যেই মা বাড়ির ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন। মেয়েকে বাঁচাতে গিয়ে গুরুতর জখম হয়েছেন ওই তরুণীর দিদাও। শনিবার সকালে রামপুরহাটের হাসপাতাল পাড়া এলাকায় ঘটনাটি ঘটেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম মল্লিকা ঘোষ (৪৭)। তিনি হাসপাতাল পাড়ারই বাসিন্দা। শনিবার সকালে প্রতিদিনের মতোই ছাদে কাপড় মেলতে উঠেছিলেন মল্লিকাদেবী। অভিযোগ, বাড়ির ছাদের ওপর দিয়ে ১১ হাজার ভোল্টের উচ্চ ক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তার গিয়েছে। ছাদে পড়ে থাকা একটি লোহার রড সরাতে গিয়ে অসাবধানতাবশত সেটি ওই বিদ্যুতের তারে ঠেকে যায়। তড়িদাহত হয়ে তখনই ছাদে পড়ে যান মল্লিকাদেবী।

মেয়েকে ওই অবস্থায় পড়ে থাকতে দেখে ছুটে যান তাঁর মা মঞ্জু ঘোষ। মেয়েকে বাঁচাতে গিয়ে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন এবং গুরুতর আঘাত পান। চিৎকার শুনে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা ছুটে এসে দু’জনকে উদ্ধার করে রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা মল্লিকাদেবীকে মৃত বলে ঘোষণা করেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মঞ্জু দেবী।

পরিবার সূত্রে খবর, শুক্রবারই মল্লিকাদেবীর ডাক্তারি পড়ুয়া মেয়ের ফল প্রকাশিত হয়েছিল। ভালো ফল করে দ্বিতীয় বর্ষে ওঠায় মেয়ের ভবিষ্যৎ ও স্বপ্নপূরণ নিয়ে দারুণ খুশি ছিলেন পরিবারের সদস্যরা। কিন্তু এক রাত কাটতে না কাটতেই এমন ভয়াবহ দুর্ঘটনায় ভেঙে পড়েছেন পরিজনেরা। ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে গোটা হাসপাতাল পাড়া এলাকায়।


Share