Mamata-Suvendu

এক্স-রে প্লেট, এমআরআই দেখালে বাড়ি থেকে বেরতে পারবেন না!মমতার আইনি নোটিসের পর পাল্টা হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দুর

মমতার পায়ের মেডিক্যাল রিপোর্ট প্রকাশ্যে আসা নিয়ে আইনি নোটিসের পর পাল্টা আক্রমণ শুভেন্দুর। এক্স-রে ও এমআরআই প্রকাশের হুঁশিয়ারিতে ফের উত্তপ্ত নন্দীগ্রাম পর্বের পুরনো বিতর্ক।

মমতা বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০২৬ ০৫:০৬

গত ২০২১ সালের নন্দীগ্রাম পর্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে চোট লাগার ঘটনা ঘিরে ফের উত্তপ্ত রাজ্য রাজনীতি। তাঁর পায়ের চোট সংক্রান্ত মেডিক্যাল রিপোর্ট কীভাবে প্রকাশ্যে এল, তা নিয়ে এসএসকেএম হাসপাতাল, স্বাস্থ্য দফতর এবং সংশ্লিষ্ট চিকিৎসককে আইনি নোটিস পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই নোটিসের প্রসঙ্গেই এবার সরাসরি পাল্টা আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

সোমবার সাংবাদিক বৈঠকে শুভেন্দু বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ‘ভুল করছেন’। তাঁর দাবি, মমতার আইনজীবীর পাঠানো নোটিস স্বাস্থ্য দফতরের মাধ্যমে তাঁর কাছে পাঠানোর ব্যবস্থা করা হবে। একই সঙ্গে তিনি দাবি করেন, ২০২১ সালের ঘটনার পর মমতা নিজেই মামলা করেছিলেন এবং সেই মামলা সিআইডি তদন্ত করেছিল। ফলে ওই সংক্রান্ত নথি এসএসকেএম হাসপাতালে থাকার কথা নয় বলেই দাবি শুভেন্দুর।

এরপরই মমতাকে কড়া ভাষায় আক্রমণ করে শুভেন্দু বলেন, বিষয়টি নিয়ে বেশি ‘ঘাঁটাঘাঁটি’ না করাই ভাল। তাঁর হুঁশিয়ারি, তিনি যদি এক্স-রে প্লেট এবং এমআরআই সামনে আনতে শুরু করেন, তাহলে মমতা ‘বাড়ি থেকে বেরতে পারবেন না’। তাঁর দাবি, ২০২১ সালে মমতা নন্দীগ্রামে পা ভেঙে দেওয়ার অভিযোগ তুলে বিজেপি নেতাদের বিরুদ্ধে এফআইআর করেছিলেন। সেই মামলায় প্রলয় পালের নেতৃত্বে সিআইডি তদন্তও হয়েছিল বলে জানান তিনি।

শুভেন্দুর আরও দাবি, মমতার পায়ের চিকিৎসা সংক্রান্ত নথি পিজি হাসপাতালে থাকার কথা নয়। তিনি কীভাবে ওই নথি পেয়েছেন, প্রয়োজনে তা প্রকাশ্যে জানাবেন বলেও মন্তব্য করেন।

উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের প্রচারে নন্দীগ্রামে পায়ে চোট পাওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন, তাঁকে পরিকল্পিতভাবে আঘাত করা হয়েছিল। সম্প্রতি সেই ঘটনার মেডিক্যাল রিপোর্ট প্রকাশ্যে এনে মমতার দাবিকে প্রশ্নের মুখে ফেলেন শুভেন্দু। রিপোর্টটি তাঁর হাতে এল কীভাবে, সেই প্রশ্নেই এবার আইনি পথে গিয়েছেন মমতা। পাল্টা জবাবে শুভেন্দুর এই মন্তব্যে পুরনো নন্দীগ্রাম বিতর্ক ফের রাজনৈতিক উত্তাপ বাড়াল।


Share