Drowning

নিষেধাজ্ঞা উপেক্ষা করে সমুদ্রে নেমে বিপত্তি, দিঘায় চোখের সামনে তলিয়ে গেল ১৪ বছরের কিশোরী

নৈহাটি থেকে পরিবারের সঙ্গে বেড়াতে এসে নিষেধাজ্ঞা উপেক্ষা করে সমুদ্রে নেমেছিল কাশ্মীরা খাতুন। স্পিডবোট নামিয়ে তল্লাশি চললেও এখনও তার কোনও সন্ধান মেলেনি।

দিঘার সমুদ্রে তলিয়ে গেল কিশোরী
নিজস্ব সংবাদদাতা, দিঘা
  • শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৬ ১০:৪৬

গভীর নিম্নচাপের জেরে রাজ্য জুড়ে চলছে দুর্যোগ। অফিসের তরফে বারবার সতর্কতা জারি করা হয়েছে। তার সত্ত্বেও নিষেধাজ্ঞা উপেক্ষা করে সমুদ্রে নেমে দুর্ঘটনা। চোখের সামনেই তলিয়ে গেল ১৪ বছরের কিশোরী। বৃহস্পতিবার দিঘায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। নিখোঁজ কিশোরীর নাম কাশ্মীরা খাতুন। উত্তর ২৪ পরগনার নৈহাটি থেকে বাবা, মা ও দিদির সঙ্গে সে দিঘায় বেড়াতে এসেছিল।

বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার সকাল থেকেই উত্তাল ছিল দিঘার সমুদ্র। পরিস্থিতি বুঝে পর্যটকদের সমুদ্রে নামার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছিল প্রশাসন। সকাল থেকেই সৈকতে মাইকিং করে সতর্ক করা হচ্ছিল। তার মধ্যেই দুপুর ২টোর পর পুলিশের নজর এড়িয়ে কাশ্মীরা ও তাঁর পরিবারের সদস্যরা দিঘা হাসপাতালের সামনে একটি সৈকতে পৌঁছোন বলে অভিযোগ।

ওই অংশটি তুলনামূলক ভাবে নির্জন। পর্যটকের সংখ্যাও কম। ফলে সেখানে নজরদারি কিছুটা কম ছিল বলে মনে করা হচ্ছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, সেই সময় সমুদ্রের ঢেউ কিছুটা কমে এসেছিল। এরপরই পরিবারের সদস্যদের চোখের সামনে সমুদ্রে তলিয়ে যায় কাশ্মীরা।

খবর পেয়ে ঘটনাস্থলে প্রশাসন পৌঁছোয়। দুপুর থেকেই স্পিডবোট নামিয়ে কিশোরীর খোঁজে তল্লাশি শুরু হয়। কিন্তু প্রতিকূল আবহাওয়ার কারণে বার বার ব্যাহত হচ্ছে উদ্ধার অভিযান। এখনও পর্যন্ত কাশ্মীরার কোনও সন্ধান মেলেনি।

এদিকে, প্রশাসনের কড়া নজরদারি এবং সৈকতে লাগাতার মাইকিং চলার পরেও কী ভাবে ওই পরিবার পুলিশের নজর এড়িয়ে নির্জন সমুদ্রতটে পৌঁছোল, তা নিয়ে প্রশ্ন উঠেছে।


Share