Weather Update

মাঝরাতেই ল্যান্ডফল, উপকূল অতিক্রম করল অতি গভীর নিম্নচাপ, বঙ্গ জুড়ে চলবে ঝড় বৃষ্টির দাপট

মাঝরাতে কলিঙ্গপত্তনমের দক্ষিণ-পশ্চিম দিক দিয়ে স্থলভাগে ঢুকেছে বঙ্গোপসাগরের অতি গভীর নিম্নচাপ। উপকূল অতিক্রমের সময় ঘণ্টায় ৫৫–৬৫ কিলোমিটার বেগে হাওয়া বইলেও ঝোড়ো হাওয়ার সর্বোচ্চ গতিবেগ ছিল ৭৫ কিলোমিটার।

রাজ্য জুড়ে সকাল থেকে বৃষ্টি
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৬ ১২:২০

মাঝরাতে উপকূuল অতিক্রম করল বঙ্গোপসাগরের অতি গভীর নিম্নচাপ। রাত ১১টা থেকে রাত ১টার মধ্যে কলিঙ্গপত্তনমের দক্ষিণ-পশ্চিম দিক দিয়ে সেটি স্থলভাগে ঢুকে পড়ে। বৃহস্পতিবার সকালে উত্তর উপকূলীয় অন্ধ্রপ্রদেশ ও সংলগ্ন দক্ষিণ ওড়িশার উপর অবস্থান করছে অতি গভীর নিম্নচাপটি।

আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের উপর থাকা নিম্নচাপটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়। এরপর রাতের মধ্যে কলিঙ্গপত্তনমের দক্ষিণ-পশ্চিম দিক দিয়ে উপকূল অতিক্রম করে।

উপকূল অতিক্রমের সময় সিস্টেমটির একটানা বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৫৫ থেকে ৬৫ কিলোমিটার। ঝোড়ো হাওয়ার সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৭৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছোয়।

স্থলভাগে ঢোকার পরও কিছুটা সময় পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়েছে অতি গভীর নিম্নচাপটি। বৃহস্পতিবার সকালে এটি কলিঙ্গপত্তনম থেকে প্রায় ৫০ কিলোমিটার পশ্চিমে, বিশাখাপত্তনম থেকে ৮০ কিলোমিটার উত্তর-উত্তরপূর্বে এবং গোপালপুর থেকে প্রায় ১৭০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে।

 এর জেরে বৃহস্পতিবার সকাল থেকেই রাজ্য জুড়ে চলছে বৃষ্টি। দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টির দাপট। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী এলাকায় ৫০-৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। 

কলকাতাতেও বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শহরে বজ্রবিদ্যুৎ-সহ কয়েক পশলা বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। 

আপাতত সিস্টেমটি উত্তর-পশ্চিম দিকে এগোবে। আগামী ১২ ঘণ্টা অতি গভীর নিম্নচাপের শক্তি বজায় থাকার সম্ভাবনা রয়েছে। এরপর গতিপথে পরিবর্তন আসবে। এটি উত্তর ও উত্তর-পশ্চিম দিকে এগোতে শুরু করবে। আগামী ২৪ ঘণ্টায় ধীরে ধীরে শক্তি হারিয়ে দুর্বল হয়ে পড়বে অতি গভীর নিম্নচাপটি।


Share