Share Market

শেয়ারবাজারে বড় ধস, ১২০০ পয়েন্ট পড়ল সেনসেক্স, নিফটি নামল ২৩,১০০-তে, তিন মাসের সর্বনিম্ন বলে দাবি

বাজারের এই বড় পতনের পিছনে আন্তর্জাতিক বাজারের একাধিক উদ্বেগ কাজ করেছে। আমেরিকার ট্রেজারি বন্ডের ফলন উল্লেখযোগ্য ভাবে বেড়ে যাওয়ায় বিশ্ববাজারে সুদের হার দীর্ঘ সময় উচ্চ থাকার আশঙ্কা তৈরি হয়েছে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৬ ০৫:০৫

একদিনে বড়সড় পতনের সাক্ষী থাকল ভারতীয় শেয়ারবাজার। বৃহস্পতিবার দিনের লেনদেনে প্রবল বিক্রির চাপে সেনসেক্স ১২০০ পয়েন্টেরও বেশি নেমে যায়। পিছিয়ে থাকেনি নিফটি ৫০-ও। সূচকটি ৩৮৩.৭০ পয়েন্ট বা ১.৬৪ শতাংশ পড়ে ২৩,০৬৩.১০-এ বন্ধ হয়েছে। সেনসেক্স ১,২৪৭.৭১ পয়েন্ট বা ১.৬৭ শতাংশ কমে ৭৩,৫৮০.৫৪-এ থেমেছে। দুই প্রধান সূচকই প্রায় তিন মাসের সর্বনিম্ন স্তরে পৌঁছেছে। ব‍্যাঙ্ক নিফটি ১১১০.৪৭ পয়েন্ট পড়ে ৫৫,৪৩৪.৫০-তে বন্ধ হয়েছে।

বাজারের এই বড় পতনের পিছনে আন্তর্জাতিক বাজারের একাধিক উদ্বেগ কাজ করেছে। আমেরিকার ট্রেজারি বন্ডের ফলন উল্লেখযোগ্য ভাবে বেড়ে যাওয়ায় বিশ্ববাজারে সুদের হার দীর্ঘ সময় উচ্চ থাকার আশঙ্কা তৈরি হয়েছে। এর ফলে ঝুঁকিপূর্ণ সম্পদে বিনিয়োগের ক্ষেত্রে বিনিয়োগকারীদের সতর্কতা বেড়েছে।

এর পাশাপাশি অপরিশোধিত তেলের দামও বাজারের উদ্বেগ বাড়িয়েছে। ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে ব্যারেল প্রতি ১০৬ ডলারের ওপরে চলে যায়। ভারত তেল আমদানির ওপর উল্লেখযোগ্য ভাবে নির্ভরশীল হওয়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়লে আমদানি ব্যয়, মূল্যস্ফীতি এবং বিভিন্ন শিল্পের উৎপাদন খরচের ওপর চাপ পড়তে পারে।

ভূরাজনৈতিক অনিশ্চয়তা এবং শক্তিশালী আমেরিকার ডলারও বিনিয়োগকারীদের ঝুঁকি কমানোর প্রবণতা বাড়িয়েছে। আন্তর্জাতিক পরিস্থিতির পাশাপাশি দেশীয় বাজারেও আর্থিক পরিষেবা সংস্থার শেয়ারে বিক্রির চাপ দেখা যায়। বৃহত্তর বাজারেও একই প্রবণতা ছিল। মিডক্যাপ ও স্মলক্যাপ সূচকগুলিও উল্লেখযোগ্যভাবে কমেছে।

ফলে বৃহস্পতিবারের পতন কেবল কয়েকটি বড় সংস্থার শেয়ারে সীমাবদ্ধ থাকেনি, বাজারজুড়ে বিক্রির চাপ ছড়িয়ে পড়ে। একদিনের লেনদেনেই বিনিয়োগকারীদের সম্পদমূল্য থেকে কয়েক লক্ষ কোটি টাকা কমে যায়।

বাজারের এই অস্থির পরিস্থিতিতে আগামী দিনে বিনিয়োগকারীদের নজর থাকবে আন্তর্জাতিক বাজারের গতিপ্রকৃতি, অপরিশোধিত তেলের দাম, আমেরিকান বন্ডের ফলন, ডলারের গতিবিধি এবং ভূরাজনৈতিক পরিস্থিতির দিকে।


Share